অনন্তর ছবি দেখতে প্রেক্ষাগৃহে অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা ফিউচার পার্কে সপরিবারে এম এ জলিল অনন্তর ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবি দেখতে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
যমুনা ফিউচার পার্কে সপরিবারে এম এ জলিল অনন্তর ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবি দেখতে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বর্তমান সময়ে দেশের আলোচিত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক এম এ জলিল অনন্তর ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অর্থমন্ত্রী সপরিবারে পুরো ছবিটি দেখেছেন বলে জানিয়েছেন অনন্ত।

এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে অনন্ত বলেন, ‘অর্থমন্ত্রী মহোদয় অনেক ব্যস্ত একজন মানুষ। তাঁর মতো ব্যস্ত ও সম্মানিত একজন মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে আমার ছবিটি দেখেছেন, এটা সত্যিই আমার জন্য অনেক গর্বের। আমি প্রথমে ভেবেছিলাম, অর্থমন্ত্রী মহোদয় হয়তো পুরো ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখবেন না। কিন্তু তিনি আমার ধারণা ভুল প্রমাণিত করে পরিবারের সবাইকে নিয়ে পুরো ছবিটি দেখেছেন। শুধু তা-ই নয়, শো শেষ হওয়ার পর তিনি আমাকে ডেকে নিয়ে ছবিটির বেশ প্রশংসা করেছেন।’

অনন্ত আরও জানান, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবির জন্য শুধু দেশের নয়, দেশের বাইরের বিভিন্ন মানুষও নানাভাবে প্রশংসা করেছেন। যেসব প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে, তারাও ছবির ব্যবসায়িক সাফল্যে অনেক খুশি। বেশির ভাগ প্রেক্ষাগৃহে ঈদের পর থেকে এখন পর্যন্ত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটিই শুধু চলছে, যা বাংলা চলচ্চিত্রে অনেক বছর ধরে দেখা যায় না।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরিবার ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অনন্ত-বর্ষা জুটি, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম ইসলাম, পরিচালক মনিকা নাজনীন ইসলামসহ আরও অনেকে।

‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, রাজ্জাক, সুচরিতা, মিশা সওদাগর, ডন, সিরাজ হায়দার প্রমুখ।