অনন্তর লেখা গান গাইলেন শান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা এম এ জলিল অনন্তর লেখা গানে কণ্ঠ দিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শান। ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন অনন্ত। ‘হোয়াট ইজ লাভ’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক আকাশ। গান প্রসঙ্গে ছবির নির্বাহী প্রযোজক অনন্য মামুন জানিয়েছেন, ‘সম্প্রতি মুম্বাইয়ের ব্রাদার্স স্টুডিওতে অনন্তর লেখা গানটিতে কণ্ঠ দেন শান। গানটি নিঃস্বার্থ ভালোবাসা ছবির আইটেম গান হিসেবে ব্যবহার করা হবে।’ অনন্ত ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন বর্ষা, মিশা সওদাগর, সুচরিতা, রাজ্জাকসহ আরও অনেকে। ছবির অন্য গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, শওকত আলী ইমন, আকাশ ও কিশোর। এর আগে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে অনন্তর লেখা আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলী’ গানটি দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া জুবিন গার্গ। আর এর আগে সোহানুর রহমান সোহানের ‘কোটি টাকার প্রেম’ ও ‘মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন শান।আগামী এপ্রিলে নিঃস্বার্থ ভালোবাসা ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।