
সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য এ বছর কথাসাহিত্যিক নিয়াজ জামান পেলেন ‘অনন্যা সাহিত্য পুরস্কার ২০১৩’। গতকাল ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদক প্রদান করা হয়। দেশের গান ও সদ্য প্রয়াত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী সেলিনা হোসেন, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
গবেষক নিয়াজ জামানের জন্ম ১৯৪১ সালে, ভারতের দিল্লিতে। নিয়াজ জামান ১৯৬১ সালে ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন ১৯৭২ সালে। নিয়াজ জামানের লেখালেখি শুরু স্কুল ও কলেজজীবন থেকেই। এ ছাড়া তিনি বিভিন্ন পত্রিকায় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
নিয়াজ জামান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘নারীদের জন্য এমন আয়োজন সত্যিই মুগ্ধ করে। একজন পুরুষ যত সহজে লেখক হতে পারেন, ঠিক ততটাই কষ্ট করে নারী লেখক হন। কারণ, নারী তাঁর সংসারের দায়িত্ব শেষ করার পর লেখার চিন্তা করতে পারেন।’ অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানে অধ্যাপক ফেরদৌস আজিম লেখক ও নারীনেত্রী মালেকা বেগম, কবি কাজী রোজী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।