
দেয়ালে শুভবিবাহ লেখা, পাশেই বর-কনে বসে আছে। তবে ছোট্ট কিশোরী কনে স্কুলের দরজায় দাঁড়িয়ে। যে কিশোরী সে কনে সাজবে না—এমন একটি গল্প ছবিতে রং তুলি দিয়ে বোঝাতে চেষ্টা করেছে লাবণী আক্তার। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে সে একজন।
গতকাল রোববার বিকেলে রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে ‘অসাম আর্টিস্ট’ শিরোনামে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানের আয়োজন করছে অ্যাকশনএইড এবং সহযোগিতা করেছে এইচএসবিসি।
অনুষ্ঠান শুরু হয় ‘আমরা শিশু চাই অধিকার’ সমবেত গান দিয়ে। দর্শকশ্রোতাদের বিশেষ নজর কাড়ে দেশের গানে দলীয় নৃত্য পরিবেশনা।
এই আয়োজনে অনিতা, লিজা, সুমাইয়া, শারমিন আক্তারের মতো অনেক শিশু নিজেদের চিন্তা, সৃজনশীলতা, অনুভূতি রংতুলির মাধ্যমে তুলে ধরেছে। মোট ১৮০টি ছবি থেকে বাছাই করা ৬০টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
ছবিগুলো দুভাগে ভাগ করে পুরস্কার দেওয়া হয়েছে। একটি ‘আগামীর বাংলাদেশ’ এবং ‘আমি ও আমার স্বপ্ন’। প্রথম বিভাগে ৭-১১ বছরের শিশুদের মধ্যে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে লিজা, সুমাইয়া ও ফেরদৌস আক্তার। দ্বিতীয় বিভাগে ১২-১৮ বছরের শিশুদের মধ্যে বৃষ্টি, শারমিন ও আক্তার পুরস্কার পেয়েছে। পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথি এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া ডি ম্যারিকোট বলেন, ‘এত ভালো ও মজার সব ছবি এঁকেছে বাচ্চারা। সবগুলো ছবিই খুব সুন্দর। ছবিগুলোয় নতুন নতুন চিন্তা প্রকাশ পেয়েছে, সেটা বোঝা যায়।’
অধ্যাপক আবদুস শাকুর শাহ বলেন, শিল্পের মাধ্যমে নিজের আবেগ প্রকাশের এই উদ্যোগ শিশুদের অনেক আশাবাদী করবে। ব্যক্তিগত ও ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতিতেও শিশুরা উৎসাহিত হবে এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে।
অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া ডি ম্যারিকোট, অ্যাকশনএইড বাংলাদেশের নির্বাহী পরিচালক হাফিজুদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আবদুস শাকুর শাহ।