শুভেচ্ছাদূত শুভ

নতুন একটি অনলাইন পণ্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। যুক্তরাষ্ট্রভিত্তিক পণ্য পরিবহনকারী অনলাইনভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে গতকাল শুক্রবার রাতে আনুষ্ঠানিক চুক্তি হয় শুভর। আজ শনিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চুক্তি অনুযায়ী আগামী এক বছর এই প্রতিষ্ঠানটির বিভিন্ন বিজ্ঞাপন কিংবা প্রচার-প্রচরণামূলক নানা কর্মকাণ্ডে অংশ নেবেন আরিফিন শুভ।
শুভ বলেন, ‘এখন অনলাইনভিত্তিক বাজারের চাহিদা বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখে কিছু প্রতিষ্ঠানও তৈরি হচ্ছে। এমনকি কিছু প্রতিষ্ঠান বেশ ভালোও করছে। কিছুদিন আগে আমার সঙ্গে এই প্রতিষ্ঠানটি যোগাযোগ করে। তাদের ভাবনা চিন্তার পাশাপাশি আমার শর্তগুলো মিলে যাওয়ায় শুভেচ্ছাদূত হতে রাজি হই। আমি মনে করি, অনেকেরই সুবিধার জন্য এ প্রতিষ্ঠান সম্পর্কে জানা উচিত। কারণ, বাংলাদেশ থেকে দেশের বাইরে জিনিসপত্র পাঠানো অনেকটাই কষ্টের। ঝামেলারও কাজ বটে।’
আরিফিন শুভর সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তিনি এফডিসিতে ‘ভালো থেকো’ সিনেমার শুটিং করছিলেন। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন তানহা তাসনিয়া। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এফডিসিতে এই সিনেমার শুটিং চলবে। শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘নিয়তি’। এ ছাড়া কয়েকদিন আগে শুভ ‘প্রেমী ও প্রেমী’ ছবির কাজ শেষ করেছেন। সামনে শুরু করবেন ‘ধেৎতারিকি’ নামের নতুন একটি ছবির কাজ।