অনলাইন রেডিও নিয়ে ‘দুরবীন’
ব্যান্ডদল ‘দুরবীন’ এবার রেডিও নিয়ে আসছে। ব্যান্ডদলের সঙ্গে নাম রেখে আজ শনিবার রেডিও দুরবীন নামের এই রেডিওটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। কাল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হবে। রেডিওটির উদ্বোধন করবেন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। পাশাপাশি ফুয়াদের ব্যান্ডদল এফএনএফ উপস্থিত গান শোনাবেন। রেডিও সম্পর্কে দুরবীন ব্যান্ডের প্রধান গায়ক শহীদ বলেন, ‘আমাদের রেডিওগুলো সাধারণত প্রবাসীরা শুনতে পারেন না। মূলত তাঁদের কথা চিন্তা করেই রেডিও দুরবীনের যাত্রা শুরু। প্রথম দুই মাস করে শ্রোতারা ১২ ঘণ্টা এবং তার পরই ২৪ ঘণ্টার অনুষ্ঠান শুনতে পারবেন। এক বছর পরই রেডিও দুরবীনকে এফএম-এ রূপান্তরের আবেদনও আমরা করেছি। আমাদের মূল টার্গেট হচ্ছে প্রবাসীরা। আমি মনে করি, এতে করে তাঁরা দেশীয় সংস্কৃতিতে ঘটমান নানা বিষয় সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।’ এ ছাড়া অনুষ্ঠানে একই দুরবীন রকার হান্টের মাধ্যম বিজয়ী হওয়া পাঁচটি ব্যান্ডদলকেও (ফ্রেড, সাটুরান, তিরন্দাজ, ব্যতিক্রম ও স্পর্শময়) নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। রকার হান্টের মাধ্যমে উঠে আসা এ পাঁচটি ব্যান্ড তাদের বেশ কিছু নতুন পরিবেশনা উপস্থিত দর্শকদের শোনাবেন। রেডিও দুরবীনের ওয়েবসাইট হচ্ছে www.radiodoorbin.com.