অনলাইনে ঈদ
ঈদে ছোট পর্দার বিনোদনের বড় মাধ্যম নাটক, টেলিছবি আর বাংলা সিনেমা। শত শত নাটক নিয়ে দেশের টেলিভিশনগুলোর অনুষ্ঠান সাজানো শেষ। ঈদের ছুটির মধ্যে ছোট পর্দার দর্শকেরা নাটক, টেলিছবি দেখার প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। তবে টেলিভিশন পর্দার বাইরে গতবারের মতো এবারও অনলাইনে নাটক দেখার সুযোগ করে দিয়েছে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল।
সিএমভির ব্যানারে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘দি লিস্ট’। সিরিজটির পরিচালক আর বি প্রীতম বলেন, ‘সাত পর্বের সিরিজটি ঈদের সাত দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে।’
‘দি লিস্ট’ সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তামিম মৃধা, তমা মির্জা। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নায়লা নাঈম।
ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে দুটি সাত পর্বের ওয়েব সিরিজ তৈরি হয়েছে। একটির নাম ‘বাঘবন্দী’, আরেকটির নাম ‘আবাসিক হোটেল’। ‘বাঘবন্দী’ সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এখানে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, জোভান, সাফা কবির।
‘আবাসিক হোটেল’ সিরিজটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এখানে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, স্পর্শিয়া, রাহা তানহা খান, শামীম হাসান।
দুটি সিরিজের পরিচালক জানিয়েছেন, ঈদের দিন রাত থেকে পরপর দুটি সিরিজ ধ্রুব এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সাত দিন প্রচারিত হবে। এ ছাড়া ঈদে বিভিন্ন ইউটিউব চ্যানেলে শিল্পীদের নতুন গানের ভিডিও তো থাকছেই।