অনলাইনে এবার মাইলসের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলস ব্যান্ডের সদস্যরা
মাইলস ব্যান্ডের সদস্যরা

২৫ এপ্রিল থেকে মাইলসের সবগুলো গান অনলাইনে পাওয়া যাবে। জানা গেছে, মাইলস এবার তাদের সবকটি অ্যালবামের গান অনলাইনে একসঙ্গে প্রকাশ করবে। www.qiniticmusic.com  ওয়েবসাইট থেকে আগ্রহী যে কেউ চাইলে ডেবিট কার্ড কিংবা ভিসা কার্ড অথবা বিকাশের মাধ্যমে গান কিনতে পারবেন। মাইলস ব্যান্ডের যেসব অ্যালবামের গান ওয়েবসাইটে পাওয়া যাবে, সেই অ্যালবামগুলো হলো প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয়, প্রয়াস, প্রবাহ ও প্রতিধ্বনি।
মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ বলেন, ‘আমাদের সবগুলো গান ডিজিটাল প্রযুক্তিতে প্রকাশ করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল। এবার এই সুযোগ এসেছে। আমাদের সামনের অ্যালবামের গানগুলো শুরুতে অনলাইনে প্রকাশ করব।’
আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, মাইলসের নতুন অ্যালবাম প্রতিচ্ছবি পয়লা বৈশাখে বাজারে আসবে। কিন্তু অ্যালবামটি বাজারে আসেনি। হামিন আহমেদ বলেন, ‘অ্যালবামের সবকটি গানের রেকর্ডিং শেষ। এখন শুধু মিক্স-মাস্টারিংয়ের কাজ বাকি। এই কাজটি দেশের বাইরে করব। অ্যালবামটি আমরা বিশ্বব্যাপী প্রকাশের পরিকল্পনা করেছি। অ্যালবামের প্রচারণা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। তাই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে একটু সময় লাগছে। আশা করছি, এখন আর শ্রোতাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না।’