অনলাইনে নাচ শেখাচ্ছেন মাধুরী
নাচে পারদর্শিতার জন্য সুপরিচিত বলিউডি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নিজের নাচের জ্ঞান ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি অনলাইনভিত্তিক নাচের একাডেমি খুলেছেন ‘আজা নাচলে’খ্যাত এ তারকা। একাডেমির নাম রেখেছেন ‘ড্যান্স উইথ মাধুরী’। মাধুরীর কাছ থেকে নাচ শিখতে আগ্রহীরা তাঁদের ফেসবুক, জিমেইল কিংবা ইয়াহু আইডি ব্যবহার করে এই বলিউডি অভিনেত্রীর নাচের একাডেমিতে ভর্তি হতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে (www.dancewithmadhuri.com)ঠিকানায়। সম্প্রতি ওয়েবসাইটটি উদ্বোধন করেছেন ৪৫ বছর বয়সী এ তারকা। জানিয়েছে ইন্ডিয়া টুডে। উদ্বোধনী অনুষ্ঠানে মাধুরী তাঁর বক্তব্যে বলেছেন, ‘ভক্তদের আরও কাছাকাছি যেতেই আমার এ উদ্যোগ। তাঁরা সব সময় আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতে তাঁদের জন্য কিছু করার তাগিদ থেকে এই নাচের একাডেমি নিয়ে হাজির হয়েছি।’ ভক্তদের সব রকম নাচের তালিম দিতে চান মাধুরী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি এটিকে এমন একটি একাডেমি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে একসঙ্গে সব ধরনের নাচ শেখার সুযোগ মিলবে। ভারতীয়, ফোক, ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে পশ্চিমা ধাঁচের নাচ শেখা যাবে এখানে। ভক্তরা আমার নাচ অনেক ভালোবাসেন। এখন পর্যন্ত অনেকেই আমার কাছে নাচ শেখার আগ্রহ প্রকাশ করেছেন। এবার এই নাচের একাডেমির মাধ্যমে তাঁদের প্রত্যাশা পূরণের সুযোগ পাব আমি।’ মাধুরী আরও বলেন, ‘এই উদ্যোগের পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে নাচের প্রতি আমার তীব্র ভালোবাসা। সত্যিই নাচকে আমি অনেক ভালোবাসি। মাত্র তিন বছর বয়সে নাচ শুরু করেছিলাম, এখনো নেচে যাচ্ছি। এবার আমার নাচের জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেব। তাঁদের শেখাব নাচ উপভোগ করার মন্ত্র।’