হলিউডে যাঁরা বসত করেন, সবার কাছে তাঁদের প্রেম-সম্পর্ক অনেকটা ধরাছোঁয়ার বাইরে। তাঁদের চকচকে দুনিয়ার ধাঁধায় তাল মেলানো বেশ মুশকিল। পর্দায় প্রেমের অভিনয়ে ক্লান্ত তারকারা কি তবে বাস্তবেও প্রেমকে অভিনয়ই ভাবেন? মোটেও তা নয়, গ্রিক মিথলজির কিউপিডই হোক আর ভারতীয় পুরাণের প্রজাপতি, প্রেমের তীর ছুঁয়ে গেলে তাকে ফেরায় এমন সাধ্যি কার!
তাই তো এখানেও প্রেম হয় রূপকথার মতো। বারবার ক্যামেরার সামনে বিয়ের প্রস্তাব দেওয়া তারকারা নিজের প্রিয় মানুষকে ভালোবাসা জানাতে পিছপা হন না একটুও। এবারের আয়োজন হলিউডের কয়েকজন তারকার এমনই কিছু ভালোবাসায় টইটম্বুর বিয়ের প্রস্তাব নিয়ে!

ম্যাথিউ ম্যাককনেগি ও ক্যামিলা আলভিস
ব্রাজিলের মডেল ক্যামিলা আলভিসকে অনেক দিন ধরেই ভালোবাসতেন ডালাস বায়ার ক্লাব ছবির জন্য অস্কার পাওয়া অভিনেতা ম্যাথিউ ম্যাককনেগি। শেষে এক বড়দিনে বিয়ের প্রস্তাব দিলেন। কীভাবে? পরিবারের সবার সঙ্গে বসে বড়দিনের উপহার বিনিময় করছিলেন। বাগদানের জন্য আগে থেকেই একটি বিশেষ আংটি রাখা হয়েছিল উপহারের বাক্সগুলোর একটিতে। একটার ভেতর একটা বাক্স, শেষে আট নম্বরটা খুললে মিলবে কিছু একটা। প্রায় ১৫ বার বাক্সটা হাতে নেওয়ার পরও ম্যাথিউ বারবার ক্যামিলার হাত থেকে তা নিয়ে নেন, আর বলেছেন এটা খুলতে হবে সব শেষে। শেষ পর্যন্ত বাক্স খুলে দেখা মেলে আংটি আর একটা চিরকুট। তাতে লেখা ‘আমাকে বিয়ে করবে?’ এরপর আর ‘না’ বলতে পারেন ক্যামিলা?

জর্জ ক্লুনি ও আমাল আমালুদ্দিন
তাঁকে বলা হতো হলিউডের সবচেয়ে ‘কাঙ্ক্ষিত পুরুষ’! তাঁর হৃদয়ের ঘরে গত কয়েক বছর যাওয়া-আসা হয়েছে অনেকের, কিন্তু কারও সঙ্গেই থিতু হতে পারেননি। তাই তিনিই যখন গত বছর গাঁটছড়া বাঁধলেন রুপালি জগতের একদম বাইরের মানুষ আইনজীবী আমাল আমালুদ্দিনের সঙ্গে, তখন সবাই বেশ অবাক হন। তবে হ্যাঁ, জর্জ ক্লুনি ঠিক মানুষটির জন্যই এত দিন অপেক্ষা করেছিলেন। তাই পেয়ে আর হারাতে চাননি। এক রাতে গান শোনার ফাঁকে হাঁটু গেড়ে তাই বিয়ের প্রস্তাব দিলেন। শুধু তাই না, আমাল কোনো উত্তর না দেওয়ায় ঝাড়া ২৮ মিনিট ঠায় বসে ছিলেন ওভাবেই। শেষে আমালের কাছ থেকে ‘হ্যাঁ’ শব্দ আদায় করে তবেই দাঁড়ান হলিউডের জনপ্রিয় এই অভিনেতা!

জেনিফার অ্যানিস্টোন ও জাস্টিন থেরক্স
জন্মদিনে মানুষ কী চাইতে পারে? কার, কী চাওয়ার ইচ্ছে আছে, তা বলা মুশকিল, কিন্তু জাস্টিন থেরক্স নিজের জন্মদিনে চেয়ে বসলেন খোদ জেনিফার অ্যানিস্টোনকে! জন্মদিনে রাতে রেস্তোরাঁয় খাওয়া শেষে অনেক দিনের প্রিয় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন এই অভিনেতা। জেনিফারও অনামিকায় আংটি পরে নেন সঙ্গে সঙ্গে! জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে! কদিন আগে বিয়েটা সেরে নিয়ে এখন সুখে সংসার করছেন এই দুই তারকা।

ব্র্যাডি স্মিথ ও টিফ্যানি থিসেন
ব্র্যাডি স্মিথ আর টিফ্যানি থিসেনের সম্পর্কটা অনেক দিনের। চিত্রশিল্পী ও অভিনেতা ব্র্যাডি একসময় এই সম্পর্ককে পূর্ণতা দিতে চান। তাই নিজের হাতে একটা বই তৈরি করেন। তাতে কী ছিল? অভিনেত্রী টিফ্যানির সঙ্গে কাটানো মধুর সময়গুলোকে রংতুলি দিয়ে এঁকেছেন ব্র্যাডি। প্রতিটি ছবির সঙ্গেই ছিল ছোট্ট বিবরণ। ছাপার অক্ষরে নয়, এই বিবরণ নিজের হাতে লিখেছেন ব্র্যাডি। সানফ্রান্সিসকোতে নিজের বাসায় বইটি টিফ্যানিকে উপহার দেন ব্র্যাডি। এরপর দেন বিয়ের প্রস্তাব। মুখে হাসি আর চোখে আনন্দের অশ্রু নিয়ে টিফ্যানি জানিয়ে দেন তাঁর সম্মতির কথা। ২০০৫ সালে বিয়ের পর এক ছাদের নিচে এখনো সুখেই আছেন তাঁরা। সামনে তাদের কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান।
দ্য নট, হ্যালো ম্যাগাজিন, দ্য হাফিংটন পোস্ট এবং ডেইলিমেইল অবলম্বনে