অনিন্দিতা শশী
অনিন্দিতার চাই একটা ভালো বাসা। বাইরে বেরোতে গেলে ভালো শাড়ি। কোনো দাওয়াতে গেলে চাই দামি গয়না, নেকলেস। স্বামীরও ইচ্ছা করে দিতে, কিন্তু সাধ্য নেই যে। এই নিয়ে প্রতিনিয়ত অনিন্দিতা রুষ্ট। তবু স্বামীর মুখে হাসি লেগেই থাকে। তারপর...। বাস্তবে না হোক, কল্পনার রাজ্যে অনিন্দিতা যেন ঘুরে বেড়ায়। তারপর...।গেল ঈদে নেকলেস নামের টেলিফিল্মে এমন এক অনিন্দিতাকে দেখা গেছে। বেশ প্রশংসিত হয়েছে নাটকটি এবং নাটকের অভিনয়শিল্পী শশী। বিশ্বাসযোগ্যভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি অনিন্দিতা চরিত্রটি।শশী বলছেন, তিনি যা না, তাঁকে তা-ই করতে হয়েছে। বাস্তব জীবনে নাকি অনিন্দিতার সঙ্গে তাঁর কোনো মিলই নেই। ‘আমি বিয়ের পর কোনো দিনও আমার স্বামীর কাছে এমন বায়না ধরব না যে আমাকে দামি দামি শাড়ি-গয়না দিতে হবে। আমি চাইব, সংসারে যেন শান্তি থাকে আর থাকে ভালোবাসা।’ বলছিলেন শশী।নেকলেস নাটকটি প্রচারের পর শশীকে শুনতে হয়েছে অনেক রকমের মন্তব্য। একজন তো ফোন করে বলে বসল, ‘শশী, তুই এমন...।’ এক বন্ধু বলল, ‘বিয়ের পর তোর বরের কপালে খুবই খারাপি আছে।’ কেউ আবার বলল, মেয়েটি বোধ হয় সাজগোজ খুবই পছন্দ করে।নানাজনের নানা মন্তব্য শুনে শশী হাসেন। বললেন, ‘আসলে আমি সব সময় নাটকের চরিত্রের মধ্যে মিশে যেতে চেষ্টা করি। যেমন: আমি যখন হাজার বছর ধরে ছবিতে টুনি চরিত্রে অভিনয় করলাম, তখন অনেকেই আমাকে বলেছে যে এই মেয়ে জহির রায়হানের টুনি চরিত্রটি সম্পর্কে এত ধারণা পেল কী করে? আমাকে এর পরে অনেকে টুনি বলেই ডেকেছে। এখন এই যে নেকলেস নিয়ে আমাকে অনেকেই কথাগুলো বলছে, আমি কিন্তু একটুও রাগ করি না। বরং খুশি হই। এর মানে হচ্ছে, আমি বাস্তবে মানুষটা যা না, ঠিক তার উল্টো একটি চরিত্রে বিশ্বাসযোগ্যভাবে কাজ করেছি।’নেকলেস টেলিছবির শুটিং হয়েছিল মোট চার দিন। দুই দিন কাজ করা হয়েছে রাত-দিন ২৪ ঘণ্টা। বাসাবোর একটি বাসায় টানা ২৪ ঘণ্টা শুটিং, রাতে সবাই ছিলেন নিদ্রাহীন। এক দিন বিরতি দিয়ে এবার তেজগাঁওয়ের একটি জায়গায় আবার ২৪ ঘণ্টা শুটিং। দিন-রাত ২৪ ঘণ্টাই কাজ করা হয়েছে কল্পনার ঘোরের দৃশ্যগুলো। আর এখানেই যোগ করা হয় এক নতুন মাত্রা। থিয়েটারি কৌশল এবং কোরিওগ্রাফি। এখানে অংশ নেন সেন্টার ফর এশিয়ান থিয়েটার ও প্রাচ্যনাটের সদস্যরা।‘আমি প্রথমে বুঝতেও পারিনি যে এই থিয়েটারি কোরিওগ্রাফি টেলিছবিটিকে অন্য এক মাত্রায় নিয়ে যাবে। দেখলাম, যদি মঞ্চনাটকের এই বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরা যায়, তবে সেটা মানুষ গ্রহণ করে ভালোভাবে।’ বলছিলেন শশী।নেকলেস-এ কাজ করার পর শশীর প্রত্যাশাও বেড়েছে। এখন তিনি শুধুই অভিনয়ের খাতিরে অভিনয় করতে চান না। ভালো কাজ করতে চান। হাজার বছর ধরে ছবিতে কাজ করার পর আমার কাছে অনেক কাজের অফার আসে। কিন্তু চেয়েছি ভালো কাজ করতে। শশী এখন আলমী আহমেদের শোধ, রুলীন রহমানের সন্তরণ, তন্ময় তানসেনের ভেকেশন ১১, কিশোর মাহমুদের বিনোদ বাবুর উপাখ্যান, আফজাল হোসেন মুন্নার তোমায় ভেবে লেখা, দীপংকর দীপনের ব্লাড লাইন, দ্বীন মোহাম্মাদের সব ভালোবাসার জয় হোক নাটকের শুটিং করছেন।‘আমি এই কাজগুলো হাতে নিয়েছি এবং একটি নাটকের সঙ্গে আরেকটি নাটকের কোনো রকম মিল খুঁজে পাওয়া যাবে না।’ বলছিলেন শশী।অভিনয়ের বাইরে পড়াশোনায়ও ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন। জানালেন, অভিনয়টা এখন করছেন, কিন্তু যখন আর কাজটা করতে ভালো লাগবে না, তখন তিনি আইনজ্ঞ হয়ে কাজ করতে চান। কাজটার প্রতি যেন কখনোই অনীহা না আসে, সে জন্য অনেক সতর্ক হয়েই কাজ করছেন বলে জানালেন তিনি।