অনিন্দ্য স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী
চারদিকে রাখা আছে টবে লাগানো বেশ কিছু সবুজ গাছ, কোনো কোনোটিতে ফুটে আছে নানা রঙের ফুল। এসবের মাঝে শোভা পাচ্ছে গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত ‘রুফ-টপ আর্টক্যাম্প ইন মেমোরি অব অনিন্দ্য মজুমদার’ শীর্ষক ক্যাম্পে অংশ নেওয়া দেশের ১৬ জন শিল্পীর আঁকা ৪৫টি চিত্রকর্ম। অ্যাক্রিলিক ও জলরঙে আঁকা এসব চিত্রকর্মে উঠে এসেছে দেশের নিসর্গ ফুল, পাখি, নদী, নৌকা, নারী। গতকাল শুক্রবার বিকেলে গুলশান ২ নম্বর সেকশনের ৯৬ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির ছাদে শুরু হয়েছে এই প্রদর্শনী। দুই দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্যাম্পে অংশ নেওয়া শিল্পী হামিদুজ্জামান খান, গৌতম চক্রবর্তী প্রমুখ।আর্ট ক্যাম্পে আরও অংশ নিয়েছিলেন সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, কালিদাস কর্মকার, ফরিদা জামান, বীরেন সোম, অলকেশ ঘোষ, নিসার হোসেন, প্রমুখ। প্রসঙ্গত, এটি একটি পারিবারিক উদ্যোগ। উপলক্ষ, ওই পরিবারের প্রয়াত সদস্য শিল্পানুরাগী ও সংগ্রাহক অনিন্দ্য মজুমদারকে স্মরণ। ২০০৭ সালের ১৬ জানুয়ারি তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর পর থেকে অনিন্দ্যর পরিবার প্রতিবছর তাঁর স্মরণে এ ধরনের আয়োজন করে থাকে।আয়োজকেরা জানান, এসব চিত্রকর্ম থেকে বিক্রয়লব্ধ অর্থ গরিব মেধাবী ছাত্রদের উচ্চ শিক্ষার্থে প্রদান করা হবে। আজ প্রদর্শনীর শেষদিন।