অনিলের সঙ্গে এক দুপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেফ সৈয়দ , ছবি: খালেদ সরকার
আরেফ সৈয়দ , ছবি: খালেদ সরকার

অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে অভিনয় করে কী পেলেন? প্রশ্ন শুনে খানিকটা দ্বিধায় পড়ে যান অনিল চরিত্রে অভিনয় করা আরেফ সৈয়দ। মুখোমুখি বসার উপলক্ষ যখন শুধুই ‘আড্ডা’, তখন এমন প্রশ্নে একটু অবাক হতেই পারেন। কে জানে আরেফ ভেতরে-ভেতরে হয়তো অন্য কিছু ভাবছেন। কিন্তু তিনি যা বললেন, তা যেন একজন পাকা অভিনেতার কথা! বললেন, ‘অভিনয় করে কী পেয়েছি, এর উত্তর তো খুব সোজা। অনেক মানুষ চিনেছে, পুরস্কার পেয়েছি। সবাই বাহবা দিয়েছে। উদ্বোধনী প্রদর্শনী শেষে বয়স্ক এক মহিলা অনেকক্ষণ আমার হাত ধরেছিলেন। অনেক কথা বলেছেন। তবে সব চেয়ে বড় প্রাপ্তি, অনিল চরিত্রে অভিনয় করে বড় কিছু অর্জন করেছি।’
কী সেই অর্জন? জানতে আমরা নড়েচড়ে বসি। আরেফও তথাকথিত আড্ডার ‘মুড’ বাদ দিয়ে বেশ ‘সিরিয়াস’ হয়ে যান। ‘অনিল খুব সাহসী ছেলে। কখনো মিথ্যা বলে না। আমি অনিলের কাছ থেকে সেই সাহসটুকু পেয়েছি। এখন আমি বাস্তব জীবনেও এর প্রয়োগ করতে পারি।’ সাহসটা চোখে মুখে ফুটিয়ে তুলে বললেন আরেফ সৈয়দ।
অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে অভিনয়ের আগে আরেফ অভিনয় করেছেন দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। সামিয়া জামানের আকাশ কত দূরে চলচ্চিত্রেও। ক্যারিয়ারের ছোট্ট পালকে যোগ হয়েছে বিজ্ঞাপন আর নাটকও।
আরেফ বছর দশেক কাটিয়েছেন দেশের বাইরে। যুক্তরাষ্ট্রে। পড়াশোনা করেছেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। তবে ফাঁকে শিখেছেন অভিনয়ও। রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন থিয়েটার স্কুল থেকে। সেই প্রশিক্ষণের জোরে কি না কে জানে, ঠিকঠাক অনিল হয়ে উঠেছিলেন বলেই তাঁর বিশ্বাস। এক বন্ধু তো তাঁকে নিয়ে বলেই দিয়েছেন, ‘তোমার জন্যই সম্ভবত হুরমায়ূন আহমেদ অনিল বাগচীর একদিন লিখেছিলেন!’
বন্ধুর মন্তব্যের সত্যতা নিজেও পেয়েছেন। ভূয়সী প্রশংসা বলতে যা বোঝায়, তাও পেয়েছেন সদ্য শেষ হয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
অনিল বাগচীর একদিন উপন্যাসটি হুয়মায়ূন আহমেদের। এই উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবিটি নিয়ে আলোচনাও হয়েছে বেশ। নিজেকে গড়ে তুলেতে আরেফ সৈয়দের চেষ্টা আরও জোরালো এখন। নিয়মিত জিমে যান, যোগব্যায়াম করেন, শরীর বশে আনতে নিয়ন্ত্রণ করছেন খাওয়াদাওয়া। মাঝে মধ্যে দেশের বাইরে থেকে নেওয়া অভিনয়ের দক্ষতা ঝালাই করেন। এ কারণেই সম্ভবত নিজের সামনের দিনগুলো নিয়ে সহজভাবে বলেন, ‘আমি জানি আমার মধ্যে নায়ক হওয়ার যোগ্যতা আছে। তবে সবার আগে আমি একজন অভিনেতা হতে চাই। সে লক্ষ্য নিয়েই কাজ করছি।’