অনীকের গঙ্গা-যমুনা নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের সঙ্গে গ্রাম যুক্ত থাকলেও এই লোকালয়টি কোনো অর্থেই গ্রাম নয়। তাকে আবার পুরোপুরি শহরও বলা যাবে না। মধ্যমগ্রাম আসলে উত্তর চব্বিশ পরগনার একটা পৌরসভা। যদিও মধ্যমগ্রাম এখন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায়, তবুও লোকালয়টি বড় অন্যরকম। দমদম থেকে এর দূরত্ব ২০ কিলোমিটারের মতো। এই শহরের প্রধান আকর্ষণীয় অঞ্চলটির নাম চৌরাস্তা। এখানে ১৩০ বছর আগে বানানো একটা রেলস্টেশন আছে। ভ্যানগাড়ির ওপর আরাম করে বসে বসে মানুষ চৌরাস্তা থেকে স্টেশন অবধি যায়। পায়ে ঠেলা রিকশাও আছে কিছু; কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকলে কোনো প্রাইভেট কার চোখে পড়বে না।এই শহরতলির সবচেয়ে উঁচু ও বড় যে ভবনটি, তা কোনো শপিং মল বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নয়, এর নাম নজরুল শতবার্ষিকী সদন। ভবনের নিচতলায় কয়েকটি দোকান, ওপরের দু-তিনতলাজুড়ে একটি মিলনায়তন। এই মিলনায়তনকে কেন্দ্র করেই বিগত ১৫ বছর ধরে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’-এর আয়োজন হয়ে থাকে। আয়োজনটি করে ‘অনীক’ নামে একটি নাট্যদল। এই দলের প্রধান কর্তা অমলেশ চক্রবর্তী।এবার এই নাট্যোৎসবে প্রধানত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দলগুলো নাটক প্রদর্শন করেছে। বিগত ১৪ বছর ধরে উৎসবে বাংলদেশের উল্লেখযোগ্য বেশ কিছু নাটক ও নাট্যদল অংশ নিয়েছে। এ বছর গেল তিনটি দল।এর মধ্যে অন্যতম হলো সুবচন। মহাজনের নাও নিয়ে তারা এ উৎসবে এসেছে। এখানে নাটকের দুটি প্রদর্শনী হবে। মহাজনের নাও-এর নাট্যকার হিসেবে গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আমার প্রথম যাওয়া।২৫ ডিসেম্বর বিকেলে পৌরসভার এই মিলনায়তনের সামনে তখন আমার ভিরমি খাওয়ার মতো অবস্থা। চারদিকে বিশাল আকারের ব্যানার। উৎসবের আমেজ চত্বরজুড়ে। সেদিন যেহেতু বড়দিন উপলক্ষে সরকারি ছুটি, তাই বেলা তিনটায়ও একটি নাটকের প্রদর্শনী আছে। ওই নাটক দেখার জন্য লম্বা লাইন পড়েছে হলের গেট থেকে প্রায় রাস্তা পর্যন্ত। ১৯৭১ সালে লেখা সরোজ রায়ের দমফাটা হাসির নাটক গোরুর গাড়ির হেডলাইট-এর ১২৩৯তম প্রদর্শনী হচ্ছিল সেদিন । ‘অনীক’-এর এই আয়োজনের যে বড় কোনো পৃষ্ঠপোষক নেই, তা বোঝা গেল তাদের ‘সহযোগিতায়’ আর ‘সৌজন্যে’ স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোর নাম দেখে। কয়েকটি শিল্প-সাহিত্যবিষয়ক সংগঠন, কিছু বুটিক হাউস, জুয়েলারি শপের সহযোগিতা নিয়ে এই উৎসব। হলঘরের সামনে কাজী নজরুল ইসলামের একটি আবক্ষমূর্তি আর প্রবেশপথের মুখে এ বছর গত হওয়া চার পুরুষ—সৈয়দ মুস্তাফা সিরাজ, মোজিত চট্টোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর আর সুনীল গঙ্গোপাধ্যায়ের পোর্ট্রেট। তাজা ফুলের ডালিতে বাঁধানো ছবিতে রবীন্দ্রনাথের মরণবিষয়ক কিছু কবিতা ও গানের চরণ।উৎসবটি শুরু হয়েছিল ২৩ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর। ৫ ডিসেম্বর থেকে টিকিট বিক্রি শুরু। এখানে এসে জানা গেল মজার তথ্য, এই এলাকায় মানুষ বেশির ভাগই ‘সিজন টিকিট’ কেনে। প্রতিটি শোর জন্য টিকিটের মূল্য ৬০ ও ৪০ টাকা। সব মিলিয়ে পুরো সাত দিনের নয়টি প্রদর্শনীর জন্য সিজন টিকিটের দাম রাখা হয় ৪০০ ও ৩০০ টাকা। আয়োজকেরা বললেন, তাঁদের খরচের একটা বড় অংশ টিকিট থেকেই চলে আসে। কারণ, এখানকার মানুষ খুব নাটক দেখে। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিলনায়তনে মহাজনের নাও-এর দর্শক দেখে আমি মুগ্ধ। মাত্র দুই লাখ জনগোষ্ঠীর শহরে ৮০০ আসনের এই হলঘরের একটি আসনও খালি নেই! নাগরিক বিনোদনের প্রধান আকর্ষণ তাঁদের কাছে এখনো মঞ্চনাটক। উৎসবে আসা নাট্যকর্মীদের থাকার জন্য এখানে একটা বড় দালান দেওয়া হয়েছে—নাম ‘নীল-পরী’। ছয়তলা উচ্চতার এই দালানের তৃতীয় তলা থেকে ছাদ পর্যন্ত কতগুলো বড় ঘর। সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে নাট্যকর্মীদের। এসব জায়গায় মেঝের ওপর তোশক বিছিয়ে থাকার ব্যবস্থা হয়েছে শিল্পীদের। সুবচনের ভাগ্য ভালো, ২৬ জনের জন্য তারা পেয়েছে তিনটি কামরা। এর অপর পাশে দুটি কামরায় ছিলেন উড়িষ্যার ২০ জন নাট্যকর্মী।। তাঁরা বিদায় হওয়ার পরই বাংলাদেশের বরিশালের শব্দাবলি এসে ভিড়ল সেখানে। সেলিনা হোসেনের লেখা নীল ময়ূরের যৌবন নিয়ে পরিচালক সৈয়দ দুলাল এসেছেন শব্দাবলির নাট্যকর্মীদের সঙ্গে নিয়ে। ২৭ তারিখ সিরাজগঞ্জের নাট্যলোকও এল শাহমান মৈশানের লেখা নসিমন নাটক নিয়ে। তাঁদের সঙ্গে এলেন পরিচালক দেবাশীষ ঘোষ ও আলোক নির্দেশক ঠান্ডু রায়হান।২৭ ডিসেম্বর বাসে চেপে মধ্যমগ্রাম থেকে কলকাতা শহরের দিকে রওনা দিলাম আমরা। একই বাসে আছে কাশ্মীরের একটি নাট্যদলও। আমাদের মহাজনের নাও -এর প্রদর্শনী একাডেমিতে, ওদেরটা গিরিশ মঞ্চে। কাশ্মীরের ১৪ জনের দলটি এসেছে নয় দিনের জন্য। তাদের প্রদর্শনী এক দিন, বাকি আট দিন তারা কাটাবে রাস্তায়। কলকাতা থেকে ৪০ ঘণ্টার ট্রেন সফর করে পৌঁছাবে জম্মু, সেখান থেকে আরও ১২ ঘণ্টা। ১০৪ ঘণ্টার ট্রেন বা বাস সফরের কষ্ট তারা হাসিমুখে নেবে এই কারণে যে অন্য লোকালয়ের মানুষের কাছে তারা পৌঁছে দিতে চায় তাদের নাটক ।২৭ তারিখ একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে গঙ্গা-যমুনা নাট্যোৎসবে মহাজনের নাও-এর দ্বিতীয় প্রদর্শনী হলো। নাটক শেষে নাট্যকার-পরিচালকের সঙ্গে ছিল দর্শকের প্রশ্নোত্তর পর্ব। সেখানে এক দর্শকের প্রশ্ন এমন—নাটকটির পরবর্তী প্রদর্শনী আবার কবে হবে কলকাতায়? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আনন্দে আটখানা সেদিন নাটকের পরিচালক সুদীপ চক্রবর্তী ও সুবচনের দলনেতা আহমেদ গিয়াস। কিন্তু আমার কাছে এসবের চেয়ে অনেক বেশি ভালো লেগেছে অনীকের এই আয়োজন। তেমন কোনো সরকারি বা বহুজাতিক কোম্পানির পৃষ্ঠপোষকতা ছাড়া কেবল নিজেদের সাংগঠনিক শক্তি দিয়ে নানা ভাষার, নানা সংস্কৃতির রূপকে মেলে ধরার যে প্রয়াস আছে এখানে, তা থেকে শেখারও আছে অনেক কিছু ।