অনুতপ্ত শাহরুখ !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশোচনার সাগরে ভাসছেন বলিউড বাদশা শাহরুখ খান। বলিউড বাদশার এ অনুশোচনা বন্ধুপ্রতীম আরেক সুপারস্টার সালমান খানকে ঘিরে। সম্প্রতি এ বিষয়টি আরও বেশি করে পরিষ্কার হয়েছে করণ জোহরের সাক্ষাত্কারভিত্তিক অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এ। সম্প্রতি শুটিং হওয়া এই অনুষ্ঠানে শাহরুখ ও সালমান খানের দ্বন্দ্বের বিষয়টি বারবার উঠে আসে। অনুষ্ঠানে করণ জোহর তাঁর বন্ধু শাহরুখ খানকে সালমান খানের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি জিজ্ঞেস করেছিলেন। এর জবাবে অনেকটা জবানবন্দির সুরেই শাহরুখ বলেছেন, সালমান খানের সঙ্গে দ্বন্দ্ব মেটানোর ব্যাপারে অনেকবারই উদ্যোগী হয়েছিলেন নাকি তিনি। কিন্তু বারবারই আত্মঅহংবোধ তাঁকে দ্বন্দ্ব মেটাতে দেয়নি। কয়েকবারই ফোন হাতে নিয়েও সালমানকে তিনি ফোন করে ব্যাপারটি মিটিয়ে ফেলতে পারেননি।কফি উইথ করণের এই পর্বটি এখনো প্রচারিত হয়নি। আগামী ২ জানুয়ারি এটি প্রচারিত হওয়ার কথা। তবে এই অনুষ্ঠানের সেট সূত্রে জানা গেছে, শাহরুখ খান মনে করেন, তাঁর কারণেই সালমানের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে। এ ব্যাপারে সালমানের নাকি কোনোই দোষ নেই। সালমানের ব্যাপারে কথা বলার সময় শাহরুখ নাকি বারবারই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। বিষয়টিকে করণ জোহর বেশ ইতিবাচক হিসেবেই নাকি মনে করছেন। তিনি এও মনে করেন, এই অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার পরই শাহরুখ ও সালমানের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হবে। আর সত্যিই যদি তা হয়, তাহলে সেটা হবে দর্শক-ভক্তদের জন্য বলিউডের তরফ থেকে বছরান্তের সবচেয়ে মধুর উপহার। টাইমস অব ইন্ডিয়া।