অনুতপ্ত শাহরুখ খান!
১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দিওয়ানা’। বলিউড অভিষেকের ২০ বছরের মাথায় এসে স্মৃতিকাতর শাহরুখ জানিয়েছেন, জীবনে তিনি অনেক ভুল করেছেন এবং এখনো করে যাচ্ছেন।২৫ জুন শাহরুখের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। বিশেষ এই দিনটিতে স্মৃতিকাতর শাহরুখ টুইটার বার্তায় লিখেছেন, ‘জীবনে অনেক ভুল আমি করেছি, আজও করে চলেছি। খানিকটা পাগলামি আর কিছুটা একাকিত্ব নিয়ে কেটে যাচ্ছে আমার জীবন। না বুঝেই অসম্ভব কিছু পাওয়ার পেছনে ছুটেছি। হয়তোবা সে কারণেই কিছু হলেও অর্জন করেছি।’শাহরুখ আরও লিখেছেন, ‘২০ বছর ধরে অভিনয় করে যাচ্ছি। প্রতিভা, সৌন্দর্য কিংবা পরিকল্পনা ছাড়াই আজকের এই অবস্থানে পৌঁছেছি। এত দিন ধরে অভিনয় চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।’ প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন শাহরুখ, জিতে নিয়েছিলেন সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। পরবর্তী সময়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বলিউডে শাহরুখের ২০ বছরের যাত্রা মোটেও মসৃণ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এ অবস্থানে পৌঁছেছেন ৪৬ বছর বয়সী এ তারকা।