অনুতাপে ক্রিস্টেনের অনশন পর্ব!
প্রেমিক রবার্ট প্যাটিনসনের মন টলাতে না পেরে অনুতপ্ত ক্রিস্টেন স্টুয়ার্ট এবারে রীতিমতো খাওয়া-দাওয়াই বন্ধ করে দিয়েছেন। অবশ্য এখন পর্যন্ত রবার্ট প্যাটিনসনের পক্ষ থেকে এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির শুটিং চলাকালে ছবিটির পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্টের আকস্মিক ঘনিষ্ঠতায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন ক্রিস্টেনের প্রেমিক রবার্ট প্যাটিনসন। যদিও এর পরপরই ভুল স্বীকার করেছিলেন ক্রিস্টেন। কিন্তু ততক্ষণে তীর ছুড়েই ফেলেছেন ক্রিস্টেন, যা বিদীর্ণ করেছে তাঁর প্রেমিক প্যাটিনসনের হূদয়কে। এ ঘটনার পর অনুতপ্ত ক্রিস্টেন প্রেমিক প্যাটিনসনকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন। প্যাটিনসনের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে দফায় দফায় প্রেমপত্র আর আবেগী সব খুদে বার্তাও পাঠিয়েছেন তিনি। কিন্তু তাতেও আশানুরূপ কোনো ফল মেলেনি। এত সবকিছুর পরও যখন কোনো কাজ হচ্ছে না, তখন এই অভিনব অনশন ব্রত অবলম্বন করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এক খবরে এ তথ্য জানিয়েছে শোবিজ স্পাইস।জানা গেছে, প্রেমিক রবার্ট প্যাটিনসনকে এখন পর্যন্ত ফিরে না পেয়ে মর্মাহত ক্রিস্টেন বন্ধ করে দিয়েছেন খাওয়া-দাওয়া। স্রেফ ‘সুগার ফ্রি’ এনার্জি ড্রিংক আর মাঝে মধ্যে আলুর চিপস মুখে তুলছেন তিনি। শুধু এগুলো খেয়েই নাকি থাকছেন ক্রিস্টেন।এদিকে একটি সূত্র জানিয়েছে, প্যাটিনসনের চিন্তায় ক্রিস্টেন এতই ভেঙে পড়েছেন যে, কেউ তাঁকে খাওয়ানোর চেষ্টা করলেও অসুস্থতার ভাব দেখিয়ে এড়িয়ে যাচ্ছেন তিনি। সূত্রটি আরও জানিয়েছে, কেউ যখন ক্রিস্টেনকে খাওয়ার জন্য জোর করছেন, তাঁদের তিনি খেয়েছেন বলেও দাবি করছেন, যা আদতে মিথ্যা। জানা গেছে, খাওয়া-দাওয়া বন্ধ করে নিজেকে এক ধরনের শাস্তি দিচ্ছেন ক্রিস্টেন। তাতেও যদি প্যাটিনসনের মনটা টলে!