অনুদান ছাড়াই বিভাগীয় কর্মশালা শুরু
কোনো অনুদান ছাড়াই দেশব্যাপী এখন কর্মশালা পরিচালনা করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। তবে কর্মশালাগুলো আগের মতো প্রাণ জাগাতে পারছে না। জানা গেছে, এতোদিন বেঙ্গল ফাউন্ডেশনের অর্থে দেশব্যাপী বাংলাদেশ গ্রুপ থিয়েটারের একাধিক কর্মশালা হলেও গত বছর থেকে এই অনুদান বন্ধ হয়ে যায়। শুধু এ ধরণের কর্মশালাই নয়, প্রায় ১০ বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাধ্যমে মঞ্চনাটকের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা ছাড়াও বেঙ্গল ফাউন্ডেশনের অনুদানেই বাংলাদেশ গ্রুপ থিয়েটারের প্রতিবছর নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দুই বছর আগে এই অনুদান বন্ধ হয়ে যায়। কেন তা বন্ধ হয়ে গেল—এ প্রশ্নের জবাবে ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী বলেন, ‘আমাদের সঙ্গে বেঙ্গলের কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণেই এমনটি হয়েছে। আমরা আবারও নতুন করে তাদের সঙ্গে কথা বলছি। আশা করি, আবারও আমাদের সঙ্গে তারা ফিরে আসবে।’ তিনি জানান, এ বছর কোনো অনুদান ছাড়াই দেশব্যাপী বিভাগীয় অভিনয় কর্মশালা আমরা শুরু করেছি। গত মাসে ঢাকা বিভাগের অভিনয় কর্মশালা শেষ হয়েছে। এটি ছিল শিল্পকলার সহযোগিতায়। আবার ৪ আগস্ট থেকে একই সঙ্গে খুলনা বিভাগের আওতায় কুষ্টিয়া এবং সিলেট বিভাগের সিলেটে শুরু হয়েছে এই কর্মশালা। চলবে ৭ আগস্ট পর্যন্ত। এসব কর্মশালায় বিভাগীয় জেলার একাধিক নাট্যদলের একাধিক নাট্যকর্মী অংশ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে স্থানীয় নাট্যজনের পাশাপাশি ঢাকা থেকে থাকছেন আলী আহমেদ মুকুল ও দেবাশীষ ঘোষ। পরপরই পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, ‘পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরণের আয়োজন নিয়মিত করা সম্ভব নয়।’