অনুদান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তথ্য মন্ত্রণালয়
চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালার প্রথম শর্তই হচ্ছে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণকাজ অনুদানের প্রথম চেকপ্রাপ্তির নয় মাসের মধ্যে শেষ করতে হবে। তবে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে অনুরোধ সাপেক্ষে পরিচালক ওই সময় কিছুটা বৃদ্ধি করতে পারেন। মূলত এই ‘বিশেষ অবস্থা’র সূত্র ধরেই অনুদানের ছবি বছরের পর বছর পড়ে থাকে নির্মাণাধীন চলচ্চিত্রের তালিকায়। তথ্য মন্ত্রণালয়ের হিসেবে গত নয় বছরে ৪০টির বেশি চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে অনুদান দেওয়া হলেও মুক্তি পেয়েছে মাত্র ১৫টি! এ পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
এবার অনুদান হাতে নিয়ে আর ছবি নির্মাণে আর গড়িমসি করার সুযোগ পাচ্ছেন না নির্মাতারা। অনুদান পাওয়ার পর গত কয়েক বছর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ না করা এবং ছবি জমা না দেওয়ার কারণে এবার পাঁচ পরিচালকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়। সরকারের পক্ষে তথ্যসচিব বাদী হয়ে এ মামলা করবেন। ইতিমধ্যেই মামলার সব কাগজ জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে পাঠানো হয়েছে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত পাঁচ পরিচালক হলেন, ‘নেকড়ে অরণ্য’ ছবির জন্য ২০১১-১২ অর্থবছরে অনুদানপ্রাপ্ত পরিচালক মারুফ হাসান আরমান, একই অর্থবছরে ‘একা একা’ চলচ্চিত্রের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকী, ২০১২-১৩ অর্থবছরে ‘যৈবতী কন্যার মন’ চলচ্চিত্রের জন্য নারগিস আক্তার, একই অর্থবছরে ‘খাঁচা’ চলচ্চিত্রের জন্য খান শরফুদ্দীন মোহাম্মদ আকরাম ও ‘কাঁটা’ চলচ্চিত্রের জন্য টোকন ঠাকুর।