অনুদানপ্রাপ্তদের অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫–১৬ সালের জন্য বাংলাদেশ সরকারের অনুদান পেয়েছে সাতটি চলচ্চিত্র। এর মধ্যে একটি প্রামাণ্যচিত্রও রয়েছে। অনুদান পাওয়ার পর পরিচালকেরা জানিয়েছেন অনুদান পাওয়ার অনুভূতি। কথা বলেছেন নির্মাণের পরিকল্পনা নিয়ে
মোরশেদুল ইসলাম,কাওসার চৌধুরী,কামার আহমাদ সাইমন
মোরশেদুল ইসলাম,কাওসার চৌধুরী,কামার আহমাদ সাইমন
প্রযোজনায় আসছেন জয়া আহসান। জানিয়েছেন সে অনুভূতিও
প্রযোজনায় আসছেন জয়া আহসান। জানিয়েছেন সে অনুভূতিও

* ভালো লাগছে। চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার। আগামী সেপ্টেম্বরে বান্দরবানে শুটিং করব। আর ডিসেম্বর-জানুয়ারিতে ঢাকার কিছু স্কুলে কাজ করব। কারণ ওই সময়টাতে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। তাই এ সময়ে শুটিং করলেই আঁখি ও তার বন্ধুরা সিনেমার শুটিং শেষ হবে। তারপরই পোস্ট প্রোডাকশনে যাব। অনুদানের টাকায় পুরো সিনেমা শেষ করা কঠিন। নতুন আরও একজন প্রযোজককে সঙ্গে নিয়েই কাজ শুরু করব।
মোরশেদুল ইসলাম
পরিচালক, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’

* যেকোনো স্বীকৃতিই আনন্দের, কাজের নতুন প্রেরণা দেয়। কিন্তু জাতীয়ভাবে যখন সেটা আসে, তখন দায়িত্বও বেড়ে যায়। একটা বাড়তি চাপ বোধ করছি। একটা মোটামুটি কাজের জন্যও আজকাল যে রকম বাজেট লাগে সেই হিসাবে অনুদানের টাকা হয়তো কম, কিন্তু ভুলে গেলে চলবে না যে একটা ‘সিড মানি’ কিন্তু মহিরুহের জন্ম দিতে পারে। আর একটি ব্যাপার হলো, এক মাস শুটিংয়ের জন্য ন্যূনতম দশ মাসের প্রি-প্রোডাকশন আর পাঁচ মাসের পোস্ট-প্রোডাকশন সময় লাগে। সেই হিসাব অনুযায়ী একটা চলচ্চিত্র প্রযোজনা ন্যূনতম মোট ১৬ মাসের চক্র। তাই নয় মাস সময়টা আপেক্ষিক, প্রি-প্রোডাকশন যার যতটুকু এগিয়ে রাখা আছে, দ্রুত শেষ করার সম্ভাবনা তার তত বেশি।
কামার আহমাদ সাইমন
পরিচালক, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘শঙ্খধ্বনি’

* সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এই সময়ে এসে ভালো ছবির জন্য সরকারের যে চেষ্টা এটা ভালো উদ্যোগ। সরকারের যে নীতিমালা রয়েছে সেটা মেনেই আমি ছবিটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব। আমি যেহেতু সিনেমার মানুষ, তাই এই ক্ষেত্রটিকে ভালো বুঝি। সময়টাও একটা বড় ব্যাপার। আর যে টাকাটা দেওয়া হবে, অঙ্কটা যথেষ্ট ভালো। তবে আমাদের ছবিটি এই টাকায় শেষ করা সম্ভব নয়। বাড়তি টাকা লাগবে।
জয়া আহসান
প্রযোজক, দেবী (পরিচালককে না পাওয়ায় প্রযোজক হিসেবে কথা বলেছেন জয় আহসান)

* অনুদান পাওয়া মানে একটা বাড়তি দায়িত্ব পাওয়া। দীর্ঘদিন ধরে নাটক নিয়ে কাজ করলেও চলচ্চিত্রের অনুদান পাওয়ায় একটু নার্ভাস লাগছে। ঠিকঠাকমতো শেষ করতে পারলে ভালো লাগবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সিনেমাটি শেষ করার চেষ্টা করব। তবে অনুদানের ৪০ লাখ টাকায় পুরো সিনেমা বানানো কঠিন হবে। প্রায় ৯০ লাখ টাকা লাগবে। তাই আমাকে নতুন প্রযোজক নিতে হবে।
বদরুল আনাম সৌদ
পরিচালক, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘গহীন বালুচর’

বদরুল আনাম সৌদ,পান্‌থ প্রসাদ
বদরুল আনাম সৌদ,পান্‌থ প্রসাদ


* অনুদান পাওয়া তো আনন্দের ব্যাপার। ভালো লাগছে। আমার চলচ্চিত্রের গল্পটি চা-শ্রমিকদের নিয়ে। শ্রীমঙ্গলে শুটিং করব। তারপর দেশের বিভিন্ন জায়গায়। তাই একটা দীর্ঘ সময়ের ভ্রমণ। চাইলেও নয় মাসের মধ্যে শেষ করতে পারব না। তবে আমার চেষ্টা থাকবে। ছবি শেষ করতে যে পরিমাণ অর্থ অনুদান পাচ্ছি, তাতে সিনেমা শেষ হবে না। নতুন প্রযোজকের সহযোগিতা লাগবে।
পান্থ প্রসাদ
পরিচালক, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাবিত্রী’

* অনুভূতিটা বলা কঠিন। তবে এটুকু বলব, নির্দিষ্ট সময়ের আগেই চলচ্চিত্রটি শেষ করতে চাই। সবকিছু ঠিক থাকলে নয় মাস লাগবে না। আর অনুদান হিসেবে যে বাজেট দেওয়া হয়েছে সেই টাকায় সম্ভব নয়। নিজের কিছু টাকা ব্যয় করতে হবে। যা কিছুই হোক, কাজটি শেষ করতে চাই।

কাওসার চৌধুরী
পরিচালক, অনুদানপ্রাপ্ত প্রামাণ্যচিত্র, ‘বধ্যভূমিতে একদিন’

* অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বৃদ্ধাশ্রম’-এর পরিচালক স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
গ্রন্থনা: হাবিবুল্লাহ সিদ্দিক