সরকারি অনুদানে নির্মাণের জন্য তিনটি শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য নির্বাচন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় গতকাল রোববার তালিকা চূড়ান্ত করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীকে চিঠি পাঠিয়েছে।
সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংস্কৃতিসচিব বলেন, ‘কাজটি দেখবে মূলত শিল্পকলা একাডেমী। একাডেমীর সঙ্গে এখন নির্মাতাদের চুক্তি করতে হবে।’
তিনটি চলচ্চিত্রই নির্মিত হবে রবীন্দ্রসাহিত্যের ভিত্তিতে। রবীন্দ্রনাথের ‘বীরপুরুষ’ কবিতা অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। কবি টোকন ঠাকুর নির্মাণ করবেন রবীন্দ্রনাথের গল্প ‘রাজপুত্তুর’, নাট্যকার ও অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করবেন ডাকঘর। তাঁদের দুজনের চলচ্চিত্রের নামও গল্পের নামেই।
অনুদানের পরিমাণ ১৫ লাখ টাকার বেশি নয়। আর চলচ্চিত্র নির্মাণ করতে হবে অনুদান পাওয়ার ১২০ দিনের মধ্যে। চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে ৩০ থেকে ৪০ মিনিট। প্রসঙ্গত, রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল গত বছরের শুরুতে।
টোকন ঠাকুর প্রথম আলোকে বলেন, ‘রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয়ের জন্য আমি এখন অভিনেতা খুঁজছি।’ লুসি তৃপ্তি গোমেজ বলেন, ‘অবশেষে সিদ্ধান্তটি হয়েছে জেনে ভালো লাগছে। আশা করছি, শিশুদের জন্য ভালো একটি ছবি নির্মাণ করতে পারব।’