অনুদানের ছবিগুলোর খোঁজ নিচ্ছে তথ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য সরকার অনুদান দিচ্ছে। এ বছরও ছয়টি ছবিকে অনুদান দেওয়া হবে। এরই মধ্যে তথ্যমন্ত্রণালয় থেকে অনুদান কমিটি গঠন করা হয়েছে। কিন্তু গত তিন বছরে যে ছবিগুলো অনুদান পেয়েছে, তার মধ্যে কয়েকটি ছবির কাজ এখনো শুরুই হয়নি। আবার কোনোটির কাজ সমাপ্তির পথে। কিছু ছবির কাজ শুরু করলেও পরে আর তা শেষ হয়নি।এ ব্যাপারে তথ্যমন্ত্রণালয় অনুসন্ধান শুরু করেছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিষয়টি মন্ত্রণালয়কেও ভাবিয়ে তুলেছে। অনুদান পাওয়া ছবিগুলোর সর্বশেষ অবস্থা জানার জন্য এরই মধ্যে খোঁজখবর নেওয়া হচ্ছে।তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন বললেন, ‘দু-একটি ছবি শিগগিরই মুক্তি পাবে। আর অন্য ছবিগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।’জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনটি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়। এই ছবিগুলোর কাজ শেষ করার জন্য একটি সুনির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কেউই ছবি মুক্তি দিতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় দুটি ছবিকে অনুদান দেওয়া হয়েছিল, তারও কোনো খবর নেই।এ ব্যাপারে অনুদান কমিটির একজন সদস্য নাম না প্রকাশ করার শর্তে জানান, সর্বশেষ যে ছয়টি ছবি নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে নাসির উদ্দিন ইউসুফ, বেলাল আহমেদ ও আখতারুজ্জামান কাজ গুছিয়ে এনেছেন। কিন্তু অন্য ছবিগুলোর নির্মাতারা সেভাবে কিছুই করতে পারেননি। অনুদান কামটির অন্যতম সদস্য রাজ্জাক বললেন, ‘সর্বশেষ যে ছয়জনকে অনুদান দেওয়া হয়েছে, আশা করছি তাঁদের কাজগুলো আলোর মুখ দেখবে। তবে আগের ছবিগুলোর কী অবস্থা তা আমরা জানি না।’