অনুদানের জন্য পাঁচটি ছবি চূড়ান্ত
পাঁচজন চলচ্চিত্র পরিচালককে ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেবে সরকার। গত বুধবার বাছাই কমিটির দেওয়া সুপারিশ থেকে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুদান প্রদান কমিটি পাঁচজন পরিচালকের নাম চূড়ান্ত করেছে। সেই সঙ্গে অন্যান্য বছরের চেয়ে এবার টাকার পরিমাণও বাড়ানো হয়েছে। আগে এফডিসির সার্ভিস চার্জসহ একটি ছবি নির্মাণের জন্য যেখানে দেওয়া হতো ২৫ লাখ টাকার সহায়তা, এবার তা ৩৫ লাখ টাকা করা হয়েছে।তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, অনুদানের জন্য বাছাই কমিটি মোট আটটি চলচ্চিত্রকে বাছাই করে। পরে সেখান থেকেই পাঁচটি ছবিকে চূড়ান্ত করা হয়। অনুদান কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নিষিদ্ধ লোবান ছবির জন্য নাসির উদ্দীন ইউসুফ, অনিশ্চিত যাত্রার জন্য বেলাল আহমেদ, সূচনা রেখার দিকে ছবির জন্য আখতারুজ্জামান, একই বৃত্তে ছবির জন্য কাজী মোরশেদ এবং ছেলেটি ছবির জন্য সামিয়া জামানের অনুদান পাওয়া চূড়ান্ত হয়েছে। তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, অনুদান প্রদান কমিটি নাম চূড়ান্ত করেছে। অনুদানের টাকা দেওয়া ও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করার সময় শিগগিরই জানানো হবে।ভালো চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে সরকার প্রতিবছর অনুদান দেয়। প্রথম দিকে দুটি ছবিকে অনুদান দেওয়া হতো। ২০০৭ সাল থেকে তিনটি ছবিকে অনুদান দেওয়া শুরু হয়। এ বছরেই একসঙ্গে পাঁচটি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হচ্ছে।