অনুদানের প্রজ্ঞাপনের ব্যাপারে আপত্তি চলচ্চিত্র-নির্মাতাদের
চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পাওয়া চিত্রনাট্য ও নির্মাতাদের নাম প্রকাশ করে তথ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে গত ৭ এপ্রিল। এবার এই প্রজ্ঞাপনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন অনুদান পাওয়া কয়েকজন নির্মাতা।তাঁরা জানান, প্রজ্ঞাপনের ১৪ নম্বর শর্তে উল্লেখ আছে, ‘সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রসমূহ মুক্তি পাওয়ার তিন বছর পর প্রযোজকের অনুমতি ছাড়াই দেশ-বিদেশে যেকোনো মাধ্যমে এবং বিশেষ প্রয়োজনে এই সময়ের আগেও যেকোনো সময় প্রদর্শনের অধিকার সরকার সংরক্ষণ করে।’ এবং ১৫ নম্বর শর্ত, ‘২০০৯-১০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রসমূহ বাণিজ্যিকভাবে প্রদর্শনের জন্য অর্জিত অর্থের ৫০ শতাংশ সরকার বা তথ্য মন্ত্রণালয় পাবে।’আপত্তি জানানো নির্মাতাদের মতে, এই দুটি শর্ত নির্মাতাদের মৌলিক অধিকারের পরিপন্থী। এই অর্থসাহায্য অনুদান প্রদানকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান অংশীদারি দাবি করতে পারে না। আর আন্তর্জাতিক বিধি অনুযায়ী এই সাহায্য অফেরতযোগ্য। কিন্তু সঠিকভাবে ব্যবহারে গ্রহীতাকে বাধ্য করা যায়।এ বছর ছয়জন নির্মাতাকে চলচ্চিত্র তৈরির জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেক নির্মাতা চলচ্চিত্র তৈরির জন্য পাবেন নগদ ১৯ লাখ ২০ হাজার টাকা এবং এফডিসি থেকে ১০ লাখ টাকা মূল্যমানের সেবা।এ প্রসঙ্গে অনুদান পাওয়া নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমার ছবিটি নির্মাণ করতে খরচ হবে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। সেখানে মাত্র ২৯ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়ে সরকার অর্ধেক মুনাফা দাবি করছে। এসব শর্তের সঙ্গে নির্মাতাদের আশা-আকাঙ্ক্ষা সংগতিপূর্ণ নয়। এই নীতিমালা এখনই সরকারকে পরিবর্তন করতে হবে।’তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. সুলতান উল ইসলাম চৌধুরী বলেন, ‘এটা কোনো গুরুতর সমস্যা নয়। তবে কোনো নীতিমালা হুট করে পরিবর্তন করা যায় না। অবশ্যই এ ব্যাপারটি ভেবে দেখা হবে। আমরা নির্মাতাদের কাজ শুরু করার জন্য অনুরোধ করছি।’প্রজ্ঞাপনে দেওয়া সময় অনুযায়ী ৩০ জুনের মধ্যে নির্মাতাদের ছবির কাজ শেষ করতে হবে। কিন্তু জানা গেছে, বেশির ভাগ নির্মাতা এখনো ছবির কাজ শুরু করেননি।