অনুপ জালোটার সঙ্গে সমরজিৎ
‘ছোটবেলা থেকেই অনুপ জালোটার গান শুনে আসছি। কখনো ভাবিনি, তাঁর সঙ্গে একই অ্যালবামে গান করতে পারব। কিন্তু একদিন সেই সুযোগটা পেয়ে গেলাম। এটা যে কী আনন্দ আর ভালো লাগার, তা বলে বোঝাতে পারব না।’ বললেন সমরজিৎ রায়। এটিএন মিউজিক থেকে এসেছে অনুপ জালোটা ও সমরজিতের দ্বৈত অ্যালবাম অচেনা একদিন। অ্যালবামে গান আছে ১১টি। এর মধ্যে নয়টি গানের সুর করেছেন সমরজিৎ। সমরজিৎ জানান, দিল্লিতে গান্ধর্ব মহাবিদ্যালয়ে উচ্চাঙ্গসংগীতের ওপর পড়াশোনা করেছেন তিনি। এখন সেখানেই শিক্ষকতা করছেন। পড়াশোনার সময় থেকেই সেখানকার অনেক বরেণ্য শিল্পীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। ভারতে বেসরকারি উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় অনুষ্ঠানেও গান করার সুযোগ পেয়েছেন সমরজিৎ। বললেন, ‘বছর তিনেক আগে এমনই এক অনুষ্ঠান শেষে অনুপ জালোটার সঙ্গে আলাপ হয়। তাঁর সঙ্গে বাংলা গান নিয়ে কথা হচ্ছিল। তিনি অনেক দিন বাংলা গান থেকে দূরে ছিলেন। নতুন কোনো অ্যালবামে গান করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। ওনার পরামর্শ নিয়ে আমিও অ্যালবাম তৈরির কাজ শুরু করে দিই।’কথা ছিল অ্যালবামটি ভারতে এইচএমভি থেকে বের হবে। কিন্তু পরে নিজের প্রথম অ্যালবামটি বাংলাদেশ থেকেই প্রকাশ করার সিদ্ধান্ত নেন সমরজিৎ। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। সমরজিতের গান শুনে তিনি অ্যালবামটি এটিএন মিউজিক থেকেই প্রকাশ করার উদ্যোগ নেন।অচেনা একদিন অ্যালবাম বেরিয়েছে গত বছর। এরপর গত মে মাসে ভারতের মুম্বাইয়ের মিস্টিকা মিউজিক থেকে বেরিয়েছে সমরজিতের উচ্চাঙ্গসংগীতের অ্যালবাম তেরা তাসব্বুর। এখানে তিনি গেয়েছেন ওস্তাদ আমির খসরুর ‘রং লে’ গানটি। জানালেন, গানটি তিনি নতুন সংগীতায়োজনে গেয়েছেন। আটটি গানের এই অ্যালবামের মূল ভাবনা ‘প্রেম’। সঙ্গে আছে সুফি গানের প্রভাব।