অনুপমের সঙ্গে জাহিদ হাসান

আজ চট্টগ্রামে গান গাইবেন ভারতের সংগীতশিল্পী অনুপম রায়। তবে অনুপম ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেতা জাহিদ হাসান। তিনি গানে কণ্ঠ মেলাবেন না। মঞ্চে উঠে তিনি দর্শকদের নিজের অভিনয় দিয়েই মুগ্ধ করবেন। দর্শকদের সামনে কথা বলবেন। থাকবে তাঁর মিনিট দশেকের একটি পরিবেশনাও। এ খবরটি দিয়েছে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান তালাশ মিডিয়া এন্টারটেইনমেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জাহিদ হাসানও। তিনি বলেন, ‘কাছের মানুষ অনুরোধ করল। ফেলতে পারলাম না। এতে অংশ নেওয়ার জন্য নাটকের শিডিউলও পিছিয়ে দিয়েছি। এ ছাড়া অনেক দিন চট্টগ্রামে যাওয়া হয়নি। এই সুযোগে যাওয়া হচ্ছে। ভক্তদের সঙ্গে কিছুক্ষণ সময়ও কাটানো যাবে।’
অনুপমের সঙ্গে গাইতে ভারত থেকে চট্টগ্রামে আসছেন ‘সা রে গা মা পা’খ্যাত শিল্পী উজ্জয়নী মুখার্জি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে।