অনুপ্রেরণার জন্য অনুষ্ঠানে মোদিকে চান কপিল

ভারতের নতুন একটি টিভি রিয়েলিটি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চান অনুষ্ঠানটির সঞ্চালক কৌতুক অভিনেতা কপিল শর্মা। তাঁর এই চাওয়ার কারণ হিসেবে কপিল জানিয়েছেন, তাঁর (মোদি) জীবনের গল্পকে তিনি অন্যদের জন্য ‘অনুপ্রেরণাদায়ক’ বলে মনে করেন। বলিউডের অন্য অনেক বড় তারকার পাশাপাশি কপিল শর্মা এবার তাঁর অনুষ্ঠানে রাজনীতিবিদ, এমনকি সে দেশের প্রধানমন্ত্রীকেও হাজির করতে চাইছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘আমাদের নতুন শোতে আমি জনাব নরেন্দ্র মোদিকে চাই। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে আমি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখেছি, সেটা ছিল অসাধারণ এক অনুষ্ঠান।’ কপিল শর্মা বলেন, ‘জনগণের সঙ্গে সম্পৃক্ততার জন্য আমাদের অনুষ্ঠানে রাজনীতিবিদদেরও রাখা উচিত।’
মোদিকে অনুষ্ঠানে অতিথি হিসেবে পেলে কী জানতে চাইবেন কপিল?
এ প্রসঙ্গে কপিল শর্মা বলেছেন, ‘তাঁকে যদি পেয়েই যাই, তবে রাজনীতি, দল—এসব নিয়ে কোনো কথা নয়; বরং আমরা শুনতে চাইব তাঁর জীবন সম্পর্কে। কী করে ছোট একটি শহরের একজন মানুষ এত দূর এলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন। তাই জানতে চাইব।’ তিনি বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলতে চেষ্টা করব। আসলে, দর্শক আমাদের এতটাই ভালোবাসা দিয়েছেন যে আমাদের এখন আরও ভালো কিছু তাঁদের উপহার হিসেবে দেওয়া উচিত বলেই মনে করছি।’
‘কালারস’ চ্যানেলে কপিলের কৌতুক অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর ব্যাপক সাফল্যের পর নতুন এ অনুষ্ঠানটি নিয়েও দারুণ আশাবাদী কপিল। শিগগিরই ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানটি প্রচারিত হবে সনি চ্যানেলে।
মিড-ডে অবলম্বনে দেব দুলাল গুহ