
অভিনেত্রী নন তিনি। বলিউডের কোনো ছবিতে আইটেম গানের দৃশ্যেও দেখা যায়নি তাঁকে। তবু চারু বলিউডে অনেকের অনুপ্রেরণা। তাঁর সংগ্রামের গল্প ছড়িয়েছে হলিউড পর্যন্ত। তিনি বদলে দিয়েছেন পুরুষতান্ত্রিক বলিউডের ৬০ বছরের পুরোনো ইতিহাস। বলিউডে এখন নারী-পুরুষের সমতার প্রসঙ্গ এলেই চারুর সংগ্রামের দৃষ্টান্ত দেন অনেকে। কে এই চারু খুরানা? জেনে নেওয়া যাক আজ।
২০০৯ সালে তামিল ছবি ওন্নাইপল অরুভান-এর শুটিং চলছে। ছবির অভিনেতা কমল হাসান। তাঁর মেকআপ করে দিচ্ছেন চারু খুরানা। এমন সময় একদল লোক ঢুকে পড়েন শুটিং সেটে। চারুর কাজ থামিয়ে দেন তাঁরা। নানাভাবে লাঞ্ছিত করা হয় মেয়েটিকে। এরপর ২৫ হাজার রুপি দাবি করে তাঁর কাছ থেকে। অভিনেতা কমল হাসান মেয়েটিকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত চারুকে সেই জরিমানা গুনতে হয়।
সেদিন চারু প্রথম জানতে পারেন বলিউডের এক বৈষম্যমূলক নিয়মের কথা। ভারতীয় চলচ্চিত্রশিল্পে নারী রূপসজ্জাকরদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কোনো নারী যদি রূপসজ্জাকর হিসেবে কাজ করেন, তাহলে তাঁকে হতে হয় লাঞ্ছনার শিকার, গুনতে হয় জরিমানা।
এই বৈষম্য দূর করতে আন্দোলনে নামেন চারু। ছয় বছর চেষ্টার পর ২০১৪ সালে তাঁর সংগ্রাম সাফল্যের মুখ দেখে। সেই থেকে চারু বলিউডে হয়ে ওঠেন এক অনুপ্রেরণার নাম।
বলিউডে নারী রূপসজ্জাকরের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয় সেই ১৯৫৫ সালে। ওই বছর প্রতিষ্ঠিত হয় সিনে কস্টিউম মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ারড্রেসার্স অ্যাসোসিয়েশন (সিসিএমএএইচএ)। সেখানে সিদ্ধান্ত হয়, পুরুষের সংখ্যা বেশি হওয়ায় রূপসজ্জাকর হিসেবে কোনো নারী কাজ করতে পারবেন না। তবে নারীরা কেশসজ্জাকর, অর্থাৎ হেয়ারড্রেসার হিসেবে কাজ করতে পারবেন। পরে ভারতের চলচ্চিত্রশিল্পে নারীদের সম্পৃক্ততা বাড়লেও সিসিএমএএইচএ তাদের নিয়মে কোনো পরিবর্তন করেনি। বরং কাজের এই ক্ষেত্রে কোনো নারী জড়াতে চাইলে নানাভাবে তাঁদের প্রতিরোধ করেছে সংগঠনটি। তারা চারুকেও থামাতে চেয়েছিল।
থমকে যাওয়ার পাত্রী ছিলেন না চারু। তিনি সিসিএমএএইচএ–এর সদস্যপদ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকে নানা অজুহাতে ঘোরানো হয়। কখনো বলা হয় সদস্যপদ দেওয়া বন্ধ আছে, কখনো-বা তাঁকে প্রস্তাব দেওয়া হয় হেয়ারড্রেসার হিসেবে সদস্যপদ নেওয়ার। কিন্তু নিজের পরিচয়কে লুকাতে চাননি চারু। তাই শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন চারু খুরানা।
৩৪ বছর বয়সী চারু স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ব্যবসায় প্রশাসনে। এরপর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সিনেমা মেকআপ স্কুল থেকে রূপসজ্জা বিষয়ে ডিপ্লোমা করেছেন। প্রসথেটিক মেকআপের ওপর বিশেষ দক্ষতা রয়েছে তাঁর।
চারু বলেন, ‘পা ছবিতে অমিতাভ বচ্চনকে প্রসথেটিক মেকআপ করানোর জন্য অন্য দেশ থেকে রূপসজ্জাকর আনা হয়। তখন আমি এ বিষয়ে পড়াশোনা করে ঘরে বেকার বসেছিলাম। এ সময় আমি শুধু র্যাম্প শো কিংবা বিয়ের কনে সাজাতাম। কিন্তু যে ক্ষেত্রে কাজ করার স্বপ্ন আমার ছিল, সেখানে আমি কাজ করতে পারতাম না।’
এরপরও গোপনে বলিউডের কিছু ছবিতে রূপসজ্জাকর হিসেবে কাজ করেন চারু। এর মধ্যে রয়েছে মণি রত্নমের রাবণ। এ ছবির অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনকে সাজিয়েছিলেন ওই সময়ের নিষিদ্ধ চারু। এমনকি তিনি হলিউডের অস্কারজয়ী নায়িকা কেট ব্ল্যানচেটকেও সাজিয়েছেন। আর তা গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত ‘উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে বলেছিলেন কেট।
নিষেধাজ্ঞার দিনগুলোয় কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে চারু বলেন, ‘ওই সময় আমার মতো অনেক মেয়েই রূপসজ্জাকর হিসেবে বলিউডের ছবিতে কাজ করতে চেয়েছে। কিন্তু পারেনি। যারা এসেছে, তারা নিজেদের পরিচয় লুকিয়ে কাজ করেছে। তারা তারকাদের ভ্যানিটি ভ্যান থেকে বের হতো না। নিজেদের পরিচয় দিত হেয়ারড্রেসার হিসেবে। আর সহযোগী হিসেবে এমন একজন ছেলেকে রাখত, যার কাছে আছে সিসিএমএএইচএ–এর সদস্যপদ।’
এই ছিল ২০১৪ সাল পর্যন্ত বলিউডের ক্যামেরার পেছনের চিত্র। কিন্তু চারুর আন্দোলনের পর এই চিত্র বদলে যায়। তবে এই সংগ্রামের পথে চারু শুধু তাঁর নিজের নাম আনতে চান না, তিনি তাঁর সহকর্মী নম্রতা সোনির কথাও বলেন। নম্রতাও কাজ করেছেন বলিউডের সফল সব ছবিতে রূপসজ্জাকর হিসেবে। যেমন ম্যায় হু না, ওম শান্তি ওম, কাভি আলবিদা না কেহনা। তবে নম্রতার আন্দোলনের ভাষা ছিল ব্যক্তিকেন্দ্রিক। নির্মাতা ফারাহ খানের সঙ্গে সখ্যর কারণে নম্রতা সিসিএমএএইচএ–এর বিরুদ্ধে গিয়ে কাজ করেন বলিউডের ছবিতে, তোয়াক্কা করেননি কোনো নিষেধাজ্ঞার। তবে লাঞ্ছিত হওয়ার পর চারু যখন আন্দোলনের আওয়াজ তুলেছিলেন, তখন সেই আন্দোলনে যোগ দেন নম্রতাও। আর তাঁদের সেই আন্দোলনের কারণেই আজ প্রায় ৪০০ নারী রূপসজ্জাকর বৈধ পরিচয় নিয়ে কাজ করছেন ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। তাই তো বলিউডে অনুপ্রেরণার নাম বলতে এখন অনেকেই মনে করেন চারু খুরানার কথা।
আদর রহমান
বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, ইন্ডিয়ান এক্সপ্রেস, মিড ডে ও দ্য হিন্দু অবলম্বনে