অনুরোধে পরিচালনায়

চ্যানেল আই কর্তৃপক্ষের অনুরোধে নাটক পরিচালনা করছেন বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরী। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। ১৩ পর্বের এই ধারাবাহিক নাটকের নাম আবার আসিব ফিরে।
বছর দু-এক আগে একবার বিটিভির জন্য একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন কবরী। নাসরিন জাহানের ক্রুশকাঠে কন্যা অবলম্বনে নাটকটি নির্মিত হয়। তারও পাঁচ বছর আগে মাহফুজ আহমেদ ও তারিনকে নিয়ে একটি খণ্ডনাটক পরিচালনা করেন কবরী।
আবার আসিব ফিরে নাটক পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপও কবরীর। এই নাটকে অন্যতম একটি চরিত্রে অভিনয়ও করছেন তিনি। কবরী বলেন, ‘আপাতত নাটক নির্মাণের তেমন কোনো ইচ্ছাই আমার ছিল না। কয়েক বছর ধরে সরকারি অনুদানের একটি ছবি নির্মাণের ভাবনা ছিল। সেভাবে প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে চ্যানেল আই কর্তৃপক্ষ আমাকে ১৩ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণের জন্য অনুরোধ করে। তাই নাটকটির সঙ্গে যুক্ত হওয়া।’
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রিয়াজ ও অহনা। এবারই প্রথম তাঁরা দুজন কবরীর নির্দেশনায় কোনো শুটিংয়ে অংশ নিলেন। বাংলা চলচ্চিত্রে গুণী এই অভিনয়শিল্পীর নির্দেশনায় কাজ করতে পেরে তাঁরা দুজনও বেশ খুশি বলে জানা গেছে।