অনুরোধে পরিচালনায়

চ্যানেল আই কর্তৃপক্ষের অনুরোধে নাটক পরিচালনা করলেন বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরী। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। ১৩ পর্বের এই ধারাবাহিক নাটকটির নাম ‘আবার আসিব ফিরে’।
বছর দু-এক আগে একবার বিটিভির জন্য একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন কবরী। নাসরিন জাহানের ক্রুশকাঠে কন্যা অবলম্বনে নাটকটি নির্মিত হয়। তারও পাঁচ বছর আগে মাহফুজ আহমেদ ও তারিনকে নিয়ে একটি খণ্ড নাটক পরিচালনা করেন কবরী।
‘আবার আসিব ফিরে’ নাটক পরিচালনার পাশাপাশি এটির কাহিনি, সংলাপও কবরীর। এই নাটকে অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয়ও করছেন তিনি।
কবরী বলেন, ‘আপাতত নাটক নির্মাণের তেমন কোনো ইচ্ছেই আমার ছিল না। গত কয়েক বছর ধরে সরকারি অনুদানের একটি ছবি নির্মাণের কথা ছিল। সেভাবে অপেক্ষায়ও ছিলাম। ছবিটি নির্মাণের ব্যাপারে অনুদান কমিটি আমাকে আশ্বস্তও করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নাই। এবার হবে না পরেরবার হবে— এমন কথা বলে তারা আমার অনেক সময় নষ্ট করেছে। এরই মধ্যে অবশ্য চ্যানেল আই কর্তৃপক্ষ আমাকে তেরো পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণের জন্য অনুরোধ করে। ভাবলাম, বসে না থেকে নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত থাকলে তো মন্দ হয় না। তাই নাটকটি নির্মাণের সঙ্গে যুক্ত হওয়া।’
‘আবার আসিব ফিরে’ নাটকের গল্প প্রসঙ্গে কবরী বলেন, ‘নাটক হলেও এটির মধ্যে একটি সিনেম্যাটিক ব্যাপার থাকবে। গতানুগতিক যে নাটক, তার থেকে পুরোপুরি ভিন্ন। আমার বিশ্বাস, দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।’
‘আবার আসিব ফিরে’ নাটকটি প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রিয়াজ ও অহনা। এবারই প্রথম তাঁরা দুজন কবরীর নির্দেশনায় কোনো শুটিংয়ে অংশ নিলেন। বাংলা চলচ্চিত্রে গুণী এই অভিনয়শিল্পীর নির্দেশনায় কাজ করতে পেরেও তাঁরা দুজনও বেশ খুশি বলে জানা গেছে।