অনুশীলনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দণ্ড নাটকের দৃশ্য
দণ্ড নাটকের দৃশ্য

দণ্ড। হতে পারে বংশদণ্ড অথবা রাজদণ্ড। তা যে দণ্ডই হোক, দণ্ড যাঁর হাতে সমাজ-দেশ এবং বিশ্বময় কর্তৃত্ব করার অধিকার কেবল তাঁরই থাকে। তখন তিনি যা বলবেন—সত্য-মিথ্যা, ভালো-মন্দ সবাই—তা মানতে বাধ্য। হাতে দণ্ড নেই তো তাঁর কথারও কোনো দাম নেই। এই দণ্ড কখনো ক্ষমতা, কখনো নির্ভরশীলতার প্রতীক হয়ে মুখোশের রং নিয়ে রঙ্গ-তামাশার মাধ্যমে নাটকের উপজীব্য হয়েছে। নাটকের নাম দণ্ড। রচনা মলয় ভৌমিক। তাঁরই নির্দেশনায় গত ২০ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এর তৃতীয় প্রদর্শনী হয়ে গেল।
এটি অনুশীলন নাট্যদলের ৫৭তম প্রযোজনা।
নাটকের সবকিছুই দণ্ডকেন্দ্রিক। যেমন প্রধান চরিত্রগুলো হচ্ছে দণ্ডধর অর্থাৎ রাজা বা শাসক, দণ্ডপাল আমলা, দণ্ডনায়ক সেনাপ্রধান, দণ্ডবিধাতা প্রধান বিচারক, দণ্ডধারী সাধারণ সৈনিক, দণ্ডমুণ্ডের কর্তা বড় শাসক অর্থাৎ যাঁর হাতে রয়েছে পরাশক্তির দণ্ড। তাঁর কৃপায় অন্যদের চলতে হয়। তাঁর কথার বাইরে কেউ কথা বলতে পারেন না। নাটকে চমৎকারভাবে ফুটে উঠেছে মেরুদণ্ডহীন

দণ্ডধরের পরিচয়। তাঁর পরিষদ নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে গিয়েও রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের মতো ১৯ পিপা নস্য ফুরানোর মতো কাল ক্ষেপণ করেছে। আবার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়েও প্রজার কোমর ভেঙে হাতে দণ্ড ধরিয়ে ভিক্ষাকেই বাঁচার অন্যতম উপায় হিসেবে নির্ধারণ করেছেন। আবার শান্তির জন্য এই দণ্ডের প্রয়োগ ঘটাতে গিয়েও নাটকে বর্তমান বিশ্বের নয়া উদারতাবাদকে কটাক্ষ করা হয়েছে।
নিরীক্ষাধর্মী এ নাটকে নবতর চিন্তা, নতুন ধারণা, বিশেষত লাফিয়ে চলা প্রাযুক্তিক পরিবর্তন জীবনের রূপ-রস-ছন্দ-গতিতে যে জটিলতা নিয়ে এসেছে, তার সমসাময়িক উপস্থাপনকেই নাটকের নির্মাতা বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এ জন্য প্রচলিত আঙ্গিকের ওপরই নতুন মাত্রা চড়ানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ নিজস্ব ঐতিহ্যকে ধারণ করে নতুন আঙ্গিকে উঠে দাঁড়ানোর অবিরাম পরীক্ষা-নিরীক্ষা চলেছে। এ জন্য কখনো আমাদের যাত্রাপালা, কখনো কীর্তন, কখনো পালাগানের পাত্র-পাত্রীর চকিত সংলাপ দর্শককে দূর অতীতে নিয়ে গেছে, আবার সহসাই ‘উই শ্যাল ওভারকাম সামডে’ গানের সুরে বর্তমানকে উপস্থাপন করেছে। সেই সঙ্গে মঞ্চকর্মীদের মঞ্চক্রিয়া তথা কণ্ঠ, দেহ ও অভিব্যক্তিতেও সেই অনুসন্ধানের পরীক্ষা-নিরীক্ষা চলেছে। সংগীত-নৃত-তাললয় পটচিত্র ও পোশাকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে এই নিরীক্ষার নিরস ব্যাকরণের মধ্যে নাটক আটকে যায়নি। কাহিনির বাঁকে বাঁকে ও নবতর উপস্থাপনার আঙ্গিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শক তুমুল করতালিতে মুখরিত করেছেন মিলনায়তন। এ নাটক তাঁদের কৌতূহলী করে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে এবং বিনোদনের তেষ্টা মিটিয়েছে।
নাটকের সংগীত পরিচালনা করেছেন শৌভিক রায় ও শিলাদিত্য বৈরাগী। তাঁদের সঙ্গে সুর সংযোজন করেছেন অর্পিতা চক্রবর্ত্তী, নৃত্য ল্যাডলী মোহন মৈত্র, কোরিওগ্রামি ও গানের কথা মলয় ভৌমিক, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় ছিলেন কনক কুমার পাঠক, আলোকসজ্জায় আল জাবির এবং নাটকের প্রযোজনা ও ব্যবস্থাপনায় ছিলেন এস এম আবু বকর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌহিদ নবীন, মামদুদুল করিম, তানজিদা নাহার, রিপন ঘোষ, রায়হান, ইজাজ আহম্মেদ, সাজেদুর রহমান, মিজানুর রহমান, সোহেল হেমরম ও প্রতিমা মিত্র।