অনুশীলনের 'এন্তারনেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এন্তারনেট’ মহড়ার দৃশ্য
‘এন্তারনেট’ মহড়ার দৃশ্য

নাটকের নাম এন্তারনেট। সমসাময়িক তথ্যপ্রযুক্তির পেটে জন্ম নেওয়া এক জটিল জীবনের গল্প। বর্তমান সময়ের এই সংকটের ভেতরে সহজভাবে ঢোকার জন্য নাট্যকার মলয় ভৌমিক শুরুতেই ব্যবহার করেছেন বাঙালির গল্প বলার প্রাচীন ঢং। গোপাল ভাঁড়ের হাসির গল্প বলতে বলতে টিকটিকি নামক চরিত্রটি দর্শককে অনায়াসে টেনে নিয়ে আসে সমকালে।
টিকটিকি মন্তব্য করে ‘মাথার চেয়ে লেজ বা গানের চেয়ে টান নিয়েই আমরা বেশি টানাটানি করছি। ফলে চারিদিকের এন্তার জালে জড়িয়ে পড়ছি এবং বেরোনোর পথ পাচ্ছি না।’ নাটকে এই পরিণতিই দেখানো হয়েছে একটি মধ্যবিত্ত পরিবারের নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে। পরিবারের বড় ছেলেটাকে বৃহত্তর জ্ঞানচর্চার নামে একজন ফুসলিয়ে কোথায় নিয়ে যায় পরিবারের কেউ জানে না। ছোট ছেলেটা ক্রমাগত বখে যেতে থাকে। বর্তমান জীবন-বর্জিত পরীক্ষানির্ভর শিক্ষাব্যবস্থা, আধুনিক প্রযুক্তিনির্ভর নানা অপপ্রচার আর পারিবারিক বন্ধনের শিথিলতার ফাঁক গলে যুবকদের মধ্যে অজ্ঞানতা ও নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে। তারা প্রতিবাদী চরিত্র ছেড়ে বিচ্ছিন্ন এক একটি যন্ত্রে পরিণত হচ্ছে। পরিস্থিতির অসহায়ত্বের কথা বড় মা চরিত্রটির সংলাপে উঠে আসে। তার ব্যঙ্গাত্মক মন্তব্যের ভেতর দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র ফুটে ওঠে। অন্যদিকে যুবসম্প্রদায়ের অবক্ষয়ের বিষয়টি দর্শককে নাড়া দেয়। বড় মায়ের মুখ দিয়েই বেরিয়ে আসে, একাত্তরে এ অবস্থা হলে দেশে মুক্তিযুদ্ধই হতো না। তবে বড় মায়ের ব্যঙ্গ-রসাত্মক সংলাপ বেশ উপভোগ্য ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই নাটক দেখার সময় ঘটনার বাঁকে বাঁকে দর্শকদের চমৎকার প্রতিক্রিয়া পাওয়া গেছে।
নাট্যকার বর্তমান জঙ্গিবাদের উত্থানের জন্য দেশি-বিদেশি স্বার্থের পাশাপাশি প্রধানত অজ্ঞানতা বা জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের ব্যর্থতাকে দায়ী করেছেন। বিষয়টি ‘বাবার লাল বই হারিয়ে গেছে, জীবনটাই হারিয়ে গেছে’ সংলাপে প্রতীকী ভাষায় উঠে আসে। এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে যুবকদের বিপথে নিয়ে যাচ্ছে স্বার্থবাদীরা। দেশি স্বার্থের সঙ্গে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক স্বার্থ। ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে রাষ্ট্রের নির্লিপ্ততার ছবিটিও স্পষ্ট হয়।
একসময় খবর পাওয়া যায়, বড় ছেলেটা জঙ্গি হয়ে মানুষ খুন করছে। তার ছবি প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে ছোট ছেলেটাও পুলিশের হাতে ধরা পড়ে নেশাদ্রব্যসহ। এ অবস্থায় পরিবারটিতে নেমে আসে অন্ধকার, যা প্রতীকী অর্থে দেশের আগামীকে নির্দেশ করে।
নাটকে আন্তর্জাতিক যোগসূত্রের মাত্রাটা কত, তা আঁচ করা যায় যখন টিকটিকি নামক চরিত্রটি বিপদের সময় উপস্থিত হয়ে ছেলে দুটির বাবাকে দেশ ছাড়ার পরামর্শ দেয়। তাকে একটি ট্রলারে চেপে ভূমধ্যসাগরে ভাসতে বলে। তার কথায় উঠে আসে ভূমধ্যসাগরের আশপাশের দেশের মানুষের দয়া, মানবাধিকার এবং আমাদের হাত পেতে দাঁড়ানোর মজ্জাগত স্বভাবের দিকটিও। একপর্যায়ে চরম নাটকীয়তায় চিৎকার করে বাবা বলেন, ‘না, আমি দেশ ছেড়ে যাব না।’ চরম অন্তর্দ্বন্দ্বে বাবা চরিত্রটির ভেতরে যে ভাঙচুর লক্ষ করা যায়, তার সঙ্গে দর্শকও লীন হয়ে যায়।
ঐতিহ্যের সঙ্গে আধুনিক নির্মাণ শৈলীর মিশেল দিয়েছেন নাট্যকার ও নির্দেশক মলয় ভৌমিক। এর সঙ্গে রয়েছে তাঁর নিজস্ব রীতি অর্থাৎ স্বল্পব্যয়ী, সহজ বহনযোগ্যতা ও যেকোনো স্থানে অভিনয়যোগ্য ভাবনার প্রকাশ। প্রায় নিরাভরণ মঞ্চে প্রতীকী এবং অবাস্তবানুগ অভিনয় রীতির গাঁথামালায় তীব্র শ্লেষের মধ্য দিয়ে এক সময় যখন এন্তারনেট শেষ হয়, তখন গোটা নাটকের সঙ্গে আঠার মতো লেগে থাকা দর্শকের বোধে শেষ ধাক্কাটা এসে লাগে।
নাটকটি ছিল অনুশীলন নাট্যদলের ৬০তম প্রযোজনা। নাটকে ল্যাডলী মোহন মৈত্রের নির্দেশনায় পরিবেশিত নাচে পরিবর্তিত সময়ের বিকৃত রুচির প্রকাশ আছে।
শৌভিক রায় ও শিলাদিত্য বৈরাগী নাটকের গানের সুরকেও যন্ত্রনির্ভর সময়ের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। আলোকসম্পাত এই নাটকের একটি গুরুত্বপূর্ণ কাজ। স্বল্প যন্ত্রপাতিতে আল জাবির তা যথার্থভাবে দেখিয়েছেন।
আগামী রোববার (২৫ ডিসেম্বর) ঢাকায় শিল্পকলা একাডেমিতে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে।