অনুষ্ঠানের দিনক্ষণ জানাল রোলিং স্টোনস
সেই ২০০৭ সালের আগস্টে সর্বশেষ মঞ্চ-পরিবেশনায় অংশ নিয়েছিল ইংলিশ রকব্যান্ড রোলিং স্টোনস। এরপর পেরিয়ে গেছে পাঁচ-পাঁচটি বছর। দীর্ঘ বিরতির পর অবশেষে আবার এক মঞ্চে দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন দলের সদস্যরা। সম্প্রতি ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ফিফটি অ্যান্ড কাউন্টিং...দ্য রোলিং স্টোনস লাইভ’ কনসার্টের তারিখ ও ভেন্যুর নাম ঘোষণা করেছে ব্যান্ডটি। লন্ডনের ওটু এরিনায় আগামী ২৫ ও ২৯ নভেম্বর এবং নিউইয়র্কের প্রুডেনশিয়াল সেন্টারে ১৩ ও ১৫ ডিসেম্বর কনসার্টে অংশ নেবে রোলিং স্টোনস। সম্প্রতি ইউটিউবে এক ভিডিও বার্তায় মঞ্চে ফেরার ঘোষণা দিয়েছেন দলটির বর্তমান চার সদস্য—মিক জ্যাগার, কিথ রিচার্ডস, চার্লি ওয়াটস ও রনি উড। এক খবরে এমন তথ্য জানিয়েছে ‘নিউইয়র্ক পোস্ট’। অনুষ্ঠানে ‘গিমি শেল্টার’, ‘পেইন্ট ইট ব্ল্যাক’, ‘জাম্পিং জ্যাক ফ্ল্যাশ’, ‘টাম্বলিং ডাইস’, ‘ইটস অনলি রক অ্যান্ড রোল’-এর মতো জনপ্রিয় সব গান পরিবেশন করবে রোলিং স্টোনস।দীর্ঘদিন পর রোলিং স্টোনস ব্যান্ডের পাঁচ সদস্য—মিক জ্যাগার, কিথ রিচার্ডস, চার্লি ওয়াটস, রনি উড ও বিল ওয়াইম্যানকে একসঙ্গে দেখা গেছে ১৮ অক্টোবর। রোলিং স্টোনসের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ব্যান্ডটির সাবেক বেস গিটারিস্ট বিল ওয়াইম্যান। ১৯৯০ সালে তিনি ব্যান্ড ছেড়ে চলে গিয়েছিলেন।