
ভিন্নধর্মী কথা, সুর আর গায়কির জন্য সংগীতাঙ্গনে মুনের বেশ সুনাম। আপন মনে এগিয়ে চলছেন তিনি। তাঁর গাওয়া ‘ফাতেমা’, ‘পেপার’, ‘তুই আমার মন ভালো রে’সহ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অন্যদের জন্যও নিয়মিত গান করছেন তিনি। হঠাৎ ব্যান্ড কেন? মুন বলেন, ‘আর্ক ছাড়ার পর ২০১২ সাল থেকে চেষ্টা করছি দলগতভাবে কিছু করার। এই সময়ে অনেককে নিয়ে দলগত পরিবেশনা করেছি। মিউজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। মাস ছয়েক আগে পঞ্চম প্রস্তাব করে নতুন কিছু করার। তা ছাড়া ছোটবেলা থেকে আমার নিজেরও রক গানের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল। সংগীতজীবনে সে অর্থে রক গান করা সম্ভব নয়। ভাবলাম ব্যান্ড হলে নতুন সাউন্ড তৈরি হবে, আলাদা স্টাইলও দাঁড়াবে। হার্ড রক, সফট রক, মেলো রক, প্রগ্রেসিভ রক—সব ধরনের রক গান গাইব। গানের কথায় ছড়িয়ে দেব সমাজ সচেতনতামূলক বিভিন্ন বিষয়। আমরা শুধু গান গেয়েই দায়িত্ব শেষ করতে চাই না। আমাদের আশপাশ এবং সমাজকেও জাগিয়ে তুলতে চাই।’ মুনের সঙ্গে কথা হচ্ছিল প্রথম আলো কার্যালয়ের পাঁচতলার বোর্ডরুমে। সঙ্গে আছেন ব্যান্ডের আরও তিন সদস্য পঞ্চম, শুভ ও মিশু।
দলনেতা মুন জানালেন, শুরু থেকেই তাঁর দলের সব সদস্য খুবই সিরিয়াস। প্রতিদিন তাঁদের যোগাযোগ হয়। সপ্তাহে দুদিন নাকি নিয়ম করে মহড়াও করেন। ব্যান্ডের নতুন অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। চারটি গানের কাজ মোটামুটি শেষ। কণ্ঠ দেওয়ার কাজ বাকি।
‘আজ ভেঙেচুরে হিমালয়, কাঙ্ক্ষিত মুক্তির আশায়, খুঁজে নেব সেই রুপালি আলো, বলো হারাবে কে আমাদের, জানি না কোথায় শেষ এ পথের, ঘৃণা ছুড়ে ফেলে বাসব ভালো’—এটি একটি মুনজ ব্যান্ডের গান। মুন বলেন, ‘প্রগ্রেসিভ রক ধাঁচের এই গানটিতে সমাজ সংস্কারের কথা তুলে ধরেছেন তাঁরা। তাঁর মতে, সমাজ আর মনের সংস্কার হলেই চারপাশের সবকিছু ঠিক হয়ে যাবে। সেই ব্রত নিয়ে আমরা এগিয়ে চলছি।’
ব্যান্ডের নাম মুনজ কেন রাখা হয়েছে জানতে চাইলে মুন বললেন, ‘প্রথমে নাম দিতে চেয়েছিলাম মুনজ অ্যান্ড ফ্রেন্ডস। পরে দেখলাম যে এটা খুব কমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। প্ল্যান করলাম, নতুন কী করা যায়। এর মধ্যে আমাদের বন্ধু বোরহান আহমেদ মুনজ নামটা রাখার ব্যাপারে প্রস্তাব করেন। ভাবলাম, দারুণ তো। মুনজ মানে অনেকগুলো চাঁদ। স্টারস কথাটা হরহামেশাই ব্যবহৃত হয় কিন্তু মুনজ কথাটা একটু অন্য রকম। তখন আমরা ঠিক করলাম যে ব্যান্ড করলে মুনজ নামই রাখব।’
বিষয়টি নিয়ে পাশে বসা পঞ্চম আরেকটু যোগ করলেন। বললেন, ‘বিশ্বের অনেক ব্যান্ডের নাম সদস্যদের নামে হয়ে থাকে। আমাদের ব্যাপারটা বাইরে থেকে তেমনটা মনে হলেও কিন্তু ভিন্ন। অনেকে ভাবতে পারেন, এটা মুনের ব্যান্ড। মোটেও তা নয়। নামটা আমাদের সবার পছন্দের হওয়াতে একমত হয়েছি। ’
শুভ বললেন, ‘আমাদের প্রত্যেকের নিজস্বতা আছে। কেউ কারও মতো না। ঠিক চাঁদ যেমন আকাশে একটা। কারও সঙ্গে এর কোনো মিল নেই। সব মিলিয়ে নামটা আমাদের মনে ধরেছে বেশ।’
আড্ডা শেষ করতে হবে। তার আগে সবার কাছে ব্যান্ডটি নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে সবাই একবাক্যে বললেন, ‘আমরা বাংলা গান নিয়ে আন্তর্জাতিকতার পথে এগিয়ে যেতে চাই।’