অনেক দিন ছিলাম প্রতিবেশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমাস আলী
আলমাস আলী

বাংলাদেশের ‘পালাগান’-এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাবা রজব আলী দেওয়ানের হাত ধরে পালাগানের সঙ্গে বালক বয়সেই হারমোনিয়াম বাজানোর মধ্য দিয়ে সুরের অঙ্গনে প্রবেশ। হারমোনিয়াম বাজাতে বাজাতে একসময় হাতে তুলে নেন বেহালা। প্রথম দিকে বিভিন্ন অফিস, পাড়া আর মহল্লার নাটকের আবহসংগীত ও সংগীত পরিচালনা করার পর আশির দশকে বাংলাদেশ বেতারের জনসংযোগ সেলে ক্যাজুয়াল শিল্পী হিসেবে এবং ১৯৯০ সালে তিনি বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী হিসেবে যোগদান করেন। ২০১০ সালে সংগীত প্রযোজক হিসেবে পদোন্নতি পান। ধীরে ধীরে মূলধারার বাংলা গানের একজন অপরিহার্য বেহালাশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি সময় লাগেনি সদ্যপ্রয়াত বেহালাশিল্পী আলমাস আলীর। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করতে করতে না-ফেরার দেশে চলে গেলেন ১১ অক্টোবর সকালে, এ দেশের এই অন্যতম শ্রেষ্ঠ গুণী বেহালাশিল্পী।
বাংলাদেশের মূলধারার বাংলা গান, বিশেষ করে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগান ও আধুনিক গানের শিল্পীরা আশা করি আমার সঙ্গে একমত হবেন যে মঞ্চে, বেতারে, টেলিভিশন চ্যানেলে সরাসরি সংগীত পরিবেশনের ক্ষেত্রে আলমাস ভাই আমাদের সবার জন্য নির্ভরতার প্রতীক ছিলেন। তাঁর উপস্থিতি যেকোনো কণ্ঠশিল্পীর জন্য বাড়তি পাওনা হিসেবে বিবেচিত হতো। সেই সুযোগ থেকে আমরা চিরতরে বঞ্চিত হলাম। বর্তমানে বাংলাদেশে দেশীয় বাদ্যযন্ত্র ও বাদ্যযন্ত্রশিল্পী বিলুপ্তির পথে। বেহালাশিল্পী আলমাস আলী চলে যাওয়ার পর হাতে গোনা আর দু-একজন শিল্পী বাদ দিলে বাংলাদেশের, বিশেষ করে ঢাকার সংগীতাঙ্গন এখন বেহালাশূন্য হওয়ার পথে। সেতার, বাঁশি, সরোদ—এসব বাদ্যযন্ত্রের ক্ষেত্রেও একই কথা, বরং অবস্থা আরও ভয়াবহ। এভাবে চলতে থাকলে সেদিন বেশি দূরে নেই, যেদিন তবলা ছাড়া সব ধরনের দেশীয় বাদ্যযন্ত্র বাদনের জন্য আমাদের অন্য দেশের ওপর পুরোপুরি নির্ভর করতে হবে। আশা করি, এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী দৃষ্টি দেবে।
আমি ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে টানা সাত বছর ‘আনন্দলোক’ নামে রবীন্দ্রসংগীতের একটি অনুষ্ঠান উপস্থাপনা ও সংগীত পরিচালনা করেছি। পরিচয় অনেক আগে হলেও আলমাস ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তখন থেকে। এমন নিরহংকার, বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, অজাতশত্রু একজন বিরল ব্যক্তিত্বসম্পন্ন অথচ এত বড় মাপের শিল্পী খুব কম দেখেছি।
মৃত্যুর মাত্র দুই মাস আগে যখন শারীরিক অবস্থার আরও অবনতি হয়, তখন থেকেই তিনি সংগীতজগৎ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন।
মানুষ মাত্রই স্বপ্ন দেখে। আজ আলমাস ভাইকে নিয়ে কিছু লিখতে গিয়ে একটি স্বপ্ন দেখার বড় সাধ জাগছে­—এ দেশে ললিতকলার সব অঙ্গনের শিল্পীদের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বে একটি ট্রাস্ট হবে। যে ট্রাস্টে সরকারের শতকরা ২৫ ভাগ আর বেসরকারি যেসব প্রতিষ্ঠান বা ক্লাব বিদেশি শিল্পী আনার জন্য কোটি কোটি টাকা খরচ করে, তাদের শতকরা ৭৫ ভাগ অংশীদারত্ব থাকবে। ললিতকলার সব অঙ্গনের শিল্পীরা বয়সের সঙ্গে সঙ্গে যখন ক্রমেই অসমর্থ হয়ে ওঠেন, তখন এই ট্রাস্ট তাঁদের জন্য চিকিৎসার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করবে। মাসিক সম্মানজনক ভাতা প্রদান করে সংসার খরচ নির্বাহের ব্যবস্থা করবে। কোনো শিল্পী দুস্থ হবেন না, বিনা চিকিৎসায় মারা যাবেন না, মানবেতর জীবনযাপনে বাধ্য হবেন না। একই সঙ্গে দেশজ যন্ত্রসংগীত ও বাদ্যযন্ত্রশিল্পীকে বাঁচিয়ে রাখতে প্রকৃত ও আন্তরিক উদ্যোগ নেবেন।
আলমাস ভাই চলে যেতে যেতে হয়তো আমাদের বলে গেলেন, ‘“আমার যাওয়া তো নয় যাওয়া”—তোমরা আমাদের ধরে রাখতে পারোনি, চেষ্টাও করোনি। বরং নিদারুণ অবহেলায়-অযত্নে থেকেও আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা দিয়ে গেছি, নিজেকে নিঃশেষ করে।’ সম্ভবত এটাও বলে গেলেন, ‘এখনো সময় আছে, শিকড়ের দিকে নজর দাও, ভিত শক্ত করো। তা না হলে একদিন বাঙালির গীতবাদ্য বলে এ অঞ্চলে কিছু থাকবে না। কোনো এক অযাচিত ঝড়ে “বাঙালি সংস্কৃতি” নামটি হয়তোবা ইতিহাসে ঠাঁই নেবে।’
আলমাস ভাই, বর্তমানে চলতি হাওয়ায় কেবলই বাণিজ্যনির্ভর সংগীত আর সংস্কৃতি থেকে দূরে আপনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। আপনার আত্মা চিরশান্তি লাভ করুক।