অনেক দিন পর সরব নিরব!

ঈদে নিরব অভিনীত শেষ ছবি মুক্তি পেয়েছিল প্রায় আড়াই বছর আগে। আশরাফুল ইসলাম পরিচালিত ছবির নাম ছিল তুমি আসবে বলে। সেখানে নিরবের বিপরীতে অভিনয় করেন নিপুণ। দীর্ঘদিন পর আসছে ঈদে নিরব অভিনীত ছবি মুক্তি পেতে যাচ্ছে। রফিক সিকদার পরিচালিত ছবির নাম ‘ভোলা তো যায় না তারে’।
ছবি মুক্তি প্রসঙ্গে নিরব বলেন, ‘বছরের অন্য সময় ছবি মুক্তি পেলেও দীর্ঘদিন ঈদে আমার কোনো ছবি মুক্তি পায়নি। ২০১৩ সালের ঈদুল ফিতরে আমার শেষ ছবিটি মুক্তি পেয়েছিল।’ তিনি বলেন, ‘ঈদের এই উৎসবের আমেজের মধ্যে ছবি মুক্তি পেলে ভালো সাড়া পাওয়া যায়। এই সময়টাতে অনেক নতুন দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন।’
ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন নতুন মুখ তানহা তাসনিয়া। ছবি মুক্তির হিসেবে তানহার প্রথম ছবি এটি। তাই তিনি রোমাঞ্চিত। তানহা বলেন, ‘ভালোও লাগছে। আবার ভয়ও পাচ্ছি। দর্শকেরা কীভাবে নেন!’
এদিকে, ছবির পরিচালক জানিয়েছেন, এ ছবিতে তিনটি গান আছে। গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি, ইমরান, বেলাল খান, লিজা, লোপা ও সিঁথি সাহা। ছবিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, মাসুম আজিজ, সুব্রত, একা প্রমুখ।