অনেক নির্মাতা বাস্তবতা ও বিশ্বস্ততা হারিয়ে ফেলছেন

টিভি চ্যানেলগুলোতে গতানুগতিক বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে দেখতে এবং ততোধিক একঘেয়ে রাজনৈতিক বিশ্লেষণ শুনতে শুনতে হঠাৎ যে দু-একটি অনুষ্ঠান আমাদের বিবেক নাড়িয়ে দেয়, তেমনই একটি অনুষ্ঠান চ্যানেল আইয়ের ‘বিবিসি প্রবাহ’। শারমিন রমার উপস্থাপনায় অনুষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ প্রতি বৃহস্পতিবার নিয়মিত প্রচারিত হয়ে আসছে।
১৬ নভেম্বর বিবিসি প্রবাহের প্রধান প্রতিবেদন ছিল সম্প্রতি রংপুরের পাগলাপীরে সংঘটিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। শারমিন রমার সংগত, নিরপেক্ষ ও সাহসী প্রশ্নের সমুখে উপদেষ্টা অকপটে স্বীকার করলেন, এখানে স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবারই ব্যর্থতা ও গাফিলতি রয়েছে। জনসাধারণের দায়বদ্ধতা তো আছেই।
এরপর সিরিয়ায় আইএসের পরাজয় ও একটি জনপদের ধ্বংসযজ্ঞ, পাশাপাশি সেই ঘৃণ্য অপরাধীদের নীরবে নিরাপদে পালিয়ে যাওয়া নিয়ে বিবিসির অনুসন্ধানী ও গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে। এরপর ঢাকা লিটফেস্ট নিয়ে একটি প্রতিবেদন। শেষে আমাদের প্রত্যন্ত অঞ্চলের লোকায়ত কিছু খেলাধুলার স্থিরচিত্র। মাত্র আধঘণ্টার অনুষ্ঠান, কিন্তু মনে হলে অনেকক্ষণ ধরে স্বদেশ ও বিশ্বের অনেক জটিল এবং তাৎপর্যপূর্ণ অনেক ঘটনা দেখে ফেললাম, জেনেও ফেললাম।
১৭ নভেম্বর শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে এনটিভিতে প্রচারিত হলো সরাসরি গানের অনুষ্ঠান ‘ছুটির দিনের গান’। এদিন শিল্পী ছিলেন দেবলীনা সুর।
দেবলীনা সুর দর্শকের কাছে শিল্পীর চেয়েও বেশি পরিচিত ও জনপ্রিয় গানের অনুষ্ঠান উপস্থাপক হিসেবে। এ অনুষ্ঠানে তিনি টানা দুই ঘণ্টার কাছাকাছি গান পরিবেশন করেছেন। গেয়েছেন রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক, আঞ্চলিক বিভিন্ন ধারার গান। তার মাঝে রবীন্দ্রসংগীতই করেছেন বেশি। তবে নিজের কোনো গান করেননি, করলে ভালো হতো। তাঁর আন্তরিকতা ও উপস্থাপনা শ্রোতাদের মুগ্ধ করেছে। কিন্তু গান পরিবেশনের ক্ষেত্রে তিনি যখনই উঁচু পর্দায় গাইছিলেন, মনে হচ্ছিল সুরের ভেতর থেকে কী যেন হারিয়ে যাচ্ছে। শিল্পী যদি সেটি খুঁজে বের করতে পারেন, ভবিষ্যতে নিশ্চয়ই সেটি তিনি আমাদের উপহার দিতে পারবেন। আর তিনি যদি আধুনিক গান করেন, তবে ভবিষ্যতে অন্যের গানের পাশাপাশি নিজের গানও নিয়ে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা।
এবার একটি নাটক ও একটি টেলিছবি নিয়ে আলোচনা করা যাক। দুর্ভাগ্যজনকভাবে দুটি নির্মাণেই বাস্তবতা ও বিশ্বস্ততা হয়েছে ভূলুণ্ঠিত ও উপেক্ষিত।
১৭ নভেম্বর রাত ১০টায় শাহাদত শাহেদের পরিচালনায় একুশে টিভিতে প্রচারিত হলো সাপ্তাহিক নাটক শেষ বিকেলের রোদ। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভা ও শ্যামল মাওলা। নাটকের কাহিনি সংক্ষেপে এ রকম, মামাতো বোন প্রভাকে ভালোবাসে শ্যামল। তার টানে অফিস থেকে ছুটে আসে। অবসরে দুজন ঘুরে বেড়ায়, গল্প করে। এরপর হঠাৎ একদিন প্রভা জানায়, তার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে এবং তার হবু বর অনেক ধনী। সে বিয়েতে রাজি। পাগলের মতো শ্যামল ছুটে যায় প্রভার বাবা-মায়ের কাছে। জানায় তাদের ভালোবাসার কথা। কিন্তু কোনো লাভ হয় না। শ্যামল পাগলের ভান করে, আত্মহত্যার হুমকি দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বিয়ে হয়ে যায় প্রভার। তারপর একদিন প্রভা আর তার স্বামীর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে শ্যামল। তা দেখে প্রভা জোর করে গাড়ি থামিয়ে ছুটে আসে মৃতপ্রায় শ্যামলের কাছে। শ্যামল বলে, আমি জানতাম, তুমি আসবে। গল্প এখানেই শেষ।
অত্যন্ত গতানুগতিক কাহিনি হলেও তা এগিয়ে যাচ্ছিল ভালোভাবেই, কিন্তু শেষে গিয়ে যেন সব ছ্যাড়াবেড়া করে ফেললেন লেখক ও নির্মাতা। হঠাৎ করে প্রভা কেন টাকার জন্য লোভী হয়ে উঠল, তার কোনো ক্লু দেখানো হয়নি গল্পে। আবার শেষ দৃশ্য তো আরও অবাস্তব, অহেতুক প্রভা স্বামীকে বলেছে গাড়ি আরও দ্রুত চালাতে। মনে হলো, সে-ই বোধ হয় শ্যামলকে পিষে মারতে চায়। তারপর অ্যাক্সিডেন্ট হলে সে-ই আবার জোর করে গাড়ি থামায় এবং ছুটে আসে শ্যামলের কাছে। কাহিনির বিশ্বস্ততা ও বাস্তবতা কোনোটিই যেন আর অবশিষ্ট থাকে না।
১৬ নভেম্বর রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হলো টেলিছবি কথা কম কাজ বেশি। রচনা মোহাম্মদ আবু রাজিন, পরিচালনা উজ্জ্বল মাহমুদ এবং অভিনয়ে চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, শেলী আহমেদ প্রমুখ।
ছবির গল্পটি এ রকম, টক শো আর রাজনৈতিক বক্তৃতা শুনে গ্রামের বেকার যুবক চঞ্চল চৌধুরীর শখ জাগে, সে একজন বক্তা হবে। বন্ধুর পরামর্শে সে চশমা কেনে বক্তা বক্তা ভাব আনার জন্য। তারপর গ্রামে চায়ের দোকানে সবার সামনে বক্তৃতা দিতে গেলে সবাই তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এরপর বন্ধুর পরামর্শে সে ঢাকায় দূরসম্পর্কের চাচার বাসায় গিয়ে ওঠে টক শোর বক্তা হওয়ার আশায়। চাচা-চাচি ও তাঁদের মেয়ে মিলি মুগ্ধ হয়ে যায় চঞ্চলের কথা শুনে। কিন্তু মিলির বাগদত্তা সদ্য আমেরিকা থেকে আসা জাকির তাকে সহ্য করতে পারে না। এদিকে চঞ্চলের কথায়, লেখায়, গবেষণায় মুগ্ধ হয়ে মিলি তার প্রতি দুর্বল হয়ে পড়ে, তাকে নিয়ে মিডিয়ায় যায়। কিন্তু কোথাও সফল হতে না পেরে হঠাৎ সে ঠিক করে, আর কোনো কথা নয় এবার কাজ। তারপর মিলির সঙ্গে রিকশায় যেতে পথে এক ব্যাগ ছিনতাইকারীকে দৌড়ে ধরতে গিয়ে পিটুনি খায়, তবু সে ব্যাগ উদ্ধার করে এনে অসহায় মহিলাকে দেয়। এরপর সে সুস্থ হয়ে ওঠে এবং চলতে থাকে তার মিশন, কথা নয় কাজ।
ছবিটি দেখতে দেখতে মনে হলো, টেলিছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের জন্য বোধ হয় কোনো লেখকের প্রয়োজন নেই। চঞ্চল চৌধুরীর চরিত্রটিকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটি একটি কৌতুক চরিত্র হলেই মানাত। হয়তো সফলও হতো। কিন্তু ওই সব কৌতুককর বিষয়কে নির্মাতা গুরুত্বের সঙ্গে তুলে ধরতে গিয়ে পুরো বিষয়টিকেই হাস্যকর করে ফেলেছেন। আবার আমেরিকাপ্রবাসী জাকিরের চরিত্র, সংলাপ ও অতি-অভিনয় মিলিয়ে তাকে মনে হয়েছে আধা পাগল। নাটক বা চলচ্চিত্রে বাস্তবতা ও বিশ্বস্ততা বলে যে একটি কথা আছে, টেলিছবিটি দেখে তা মনে হয়নি। বড়ই দুর্ভাগ্যজনক।