অনেক প্রশ্ন রুবাইয়াৎ এবং নতুন বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবাইয়াৎ আহমেদ। ​ছবি: আনন্দ
রুবাইয়াৎ আহমেদ। ​ছবি: আনন্দ

অনেকগুলো প্রশ্নের মুখোমুখি আমরা—আমাদের এখানে যেভাবে নাট্যচর্চা হচ্ছে তা কি ‘শখের থিয়েটার’, নাকি বর্তমান পৃথিবীর বাস্তবতায় ঠিকঠাকভাবেই এগোচ্ছে আমাদের নাটক? মঞ্চনাটকে পেশাদারির জন্য কী কী দরকার, পেশাদারির সঙ্গে শিল্পীর যে দক্ষতা প্রয়োজন হয়—সব ক্ষেত্রে আমাদের কি সেটা আছে? তরুণ প্রজন্মের উপযোগী থিয়েটার এবং থিয়েটারের ভাষা আমরা কি তৈরি করতে পেরেছি?
রুবাইয়াৎ আহমেদের সঙ্গে আলোচনার শুরুতেই একগুচ্ছ প্রশ্ন ঘিরে ধরল আমাদের। গত ৩০ আগস্ট বিকেলবেলা প্রথম আলো কার্যালয়ের ছোট্ট বোর্ডরুমে আমরা তাঁকে প্রশ্ন করব কী, উল্টো আমাদের সামনে প্রশ্নগুলো রাখলেন তিনিই। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে বা জবাবগুলো কীভাবে পাওয়া যাবে, সেটাও তো একটা বড় প্রশ্ন বটে। তো, প্রশ্নের ঝাঁক একপাশে সরিয়ে রেখে আমরা বরং এখন রুবাইয়াতের কথা শুনি, ‘আমরা এখন যে ধরনের থিয়েটার করছি অধিকাংশ ক্ষেত্রে তা হয়তো “ডেডলি থিয়েটার”ই হচ্ছে; একটা নাটক শুরুর আগে আমরা এমনটা ভাবি, অমুক এই চরিত্রে অভিনয় করবে, তমুক ওই চরিত্রে—বেশির ভাগ ক্ষেত্রেই এ রকম পূর্বানুমানের ভিত্তিতে থিয়েটার করছি আমরা। ফলে আধুনিককালের নাট্যচর্চার যে প্রধান শর্ত “ইমিডিয়েট থিয়েটার”, সেটিই তো ক্ষুণ্ন হচ্ছে।’
না, তরুণ প্রজন্মের নাট্যজন ঢাকা থিয়েটারের রুবাইয়াৎ আহমেদের কথাগুলো বাতুলতা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে, কথাগুলোর ভিত্তি বেশ পোক্ত। কিন্তু হঠাৎ এ কথা তিনি বলছেন কেন?
উত্তরটি জানব, জানাব। এর আগে চলুন প্রবেশ করি রুবাইয়াতের জীবনে। বরাবরই ইচ্ছে ছিল লেখক হবেন। নাটকের মানুষ হবেন—এমন বাসনা তাঁর ছিল না মোটেও। জন্মশহর নেত্রকোনায় ‘মহুয়া থিয়েটার’ নামে একটি নাটকের দল গড়েছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে সম্পন্ন করেছেন স্নাতক ও স্নাতকোত্তর, তবু নাট্যমঞ্চের চেয়ে লেখালেখির প্রতিই ছিল তাঁর পক্ষপাত। এই পক্ষপাতের পালে আরও হাওয়া জুগিয়েছিলেন তাঁর শিক্ষক নাট্যকার সেলিম আল দীন, ‘জাহাঙ্গীরনগরে পেলাম সেলিম স্যারকে। তাঁকে দেখে, তাঁর নাটক পড়ে নাটক লেখার সাহস পেয়েছি। ২০০২ সালে লিখে ফেললাম বর্ণদূত নামে আমার প্রথম আখ্যান।’
তত দিনে তরুণ লেখক হিসেবে নানা মহলে পরিচিত পেয়েছেন তিনি। বইও বেরিয়েছে বেশ কয়েকটি। এর মধ্যে ২০০৮ সালে শিমূল ইউসুফের হাত ধরে এলেন ঢাকা থিয়েটারে, ধাবমান নাটকে তাঁর সঙ্গে কাজ করলেন সহকারী নির্দেশক হিসেবে। সেই যে শুরু, এরপর ক্রমাগত এগিয়ে যাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের নাট্যরূপ দিলেন। তাঁর লেখা পথনাটক জীয়ন্তকাল মঞ্চস্থ হলো। তবে রুবাইয়াৎকে সবাই চিনেছেন টেম্পেস্ট-এর পর। ২০১২ সালে যখন তিনি উইলিয়াম শেক্সপিয়ারের এ নাটকের বাংলা রূপান্তর করলেন এবং নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় বাংলা ভাষার প্রথম নাটক হিসেবে এটি যখন মঞ্চস্থ হলো লন্ডনের শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারে, রুবাইয়াতের দিকে তখন ঘুরে তাকাতেই হলো। কেননা নাটক রূপান্তরের ক্ষেত্রে তিনি আশ্রয় নিয়েছেন দেশজ রীতির—পাঁচালি ও পয়ার ছন্দের মাধ্যমে এ নাটকে মূর্ত করে তুলেছেন মিরান্ডা আর প্রসপেরোদের। বিষয়টি বেশ অভিনব। ফলে স্বীকৃতি পেয়েছিলেন নগদ, ‘নাটক মঞ্চায়নের পর গ্লোব থিয়েটারের পরিচালক ডমিনিক রোমোগুল আমাদের বলেছিলেন, টেম্পেস্ট-এর মোট বাইশটি প্রযোজনা দেখেছেন তিনি, এর মধ্যে আমাদেরটাই তাঁর কাছে মনে হয়েছে সেরা।’
টেম্পেস্ট-এর গঞ্জালো চরিত্রে অভিনয়ও করেছেন রুবাইয়াৎ। নিজের দলে করেছেন আলবেয়ার কামুর উপন্যাস অবলম্বনে আউটসাইডার-এর নাট্য রূপান্তরের কাজ। এ ছাড়া আলোচিত হয়েছেন নির্দেশনা দিয়েও। তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের হয়ে আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা নাটকের পর ইতি পত্রমিতা প্রযোজনার নির্দেশনা দিয়েছেন ঢাকা থিয়েটারে।
লেখাটি শেষ হতে চলেছে। কিন্তু লেখার শুরুতে ওই যে অনেকগুলো প্রশ্ন, এবং বলেছিলাম, উত্তরগুলো জানব ও জানাব। উত্তরটি আমাদের মুখ থেকে নয়, শুনুন রুবাইয়াৎ আহমেদের মুখেই, ‘মাঝেমধ্যে মনে হয় যেন স্থবির হয়ে পড়েছি, থেমে আছে আমাদের থিয়েটার। থিয়েটারের প্রতিটি পর্যায়ে বড়সড় পরিবর্তন প্রয়োজন। আমাদের একটি জানালা দরকার, যেখান দিয়ে নতুন বাতাস আসবে।’
আমরা সেই নতুন বাতাসের প্রতীক্ষায় থাকি।