অনেক ভালো আছি
বুদ্ধদেব গুহের লাল দরজা চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি।পদ্মা নদীর মাঝি, আবার অরণ্যে চলচ্চিত্রের পর তৃতীয়বারের মতো গৌতম ঘোষের চলচ্চিত্র মনের মানুষ-এ অভিনয় করছেন চম্পা। বাণিজ্যিক ছবির অন্যতম সফল এই অভিনেত্রীর সাক্ষাত্কারে উঠে এসেছে তাঁর সাম্প্রতিক জীবন।‘পদ্মা নদীর মাঝি’, ‘আবার অরণ্যে’ চলচ্চিত্রের পর গৌতম ঘোষের তৃতীয় চলচ্চিত্র ‘মনের মানুষ’-এ অভিনয় করছেন। ছবি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?এই ছবি আমার জন্য খুব বেশি ইতিবাচক নয়। কারণ, এ ছবিতে যে চরিত্রে কাজ করছি, সেটি আসলে ছবির মুখ্য চরিত্র নয়। তবে চরিত্রটি যেমনই হোক, সেটি ভালোভাবে করার চেষ্টা করছি। পরিচালক গৌতম ঘোষ চেষ্টা করছেন ওই চরিত্রকেই আলাদাভাবে রূপ দিতে। আর ছবির কথা যদি বলেন, তাহলে বলব যে মনের মানুষ হবে একটি অসাধারণ চলচ্চিত্র। গৌতম ঘোষ যে চ্যালেঞ্জ নিয়েছেন, তাতে তিনি অবশ্যই সফল হবেন।চরিত্রটি মুখ্য নয়, তার পরও করলেন কেন?কারণ ছবিটি গৌতম ঘোষের। তিনি আমাকে চরিত্রটিতে অভিনয়ের জন্য নির্বাচন করেছেন। গৌতম ঘোষকে ‘না’ বলার কোনো সাধ্য আমার নেই।আপনি কীভাবে এই ছবিতে আসছেন?ছবিতে আমার দুটি চরিত্র থাকছে। এক হচ্ছে আমি এখন যা, ঠিক সে রকমই। আর একটি হচ্ছে বয়স্ক চরিত্র। আমার চরিত্রের নাম নলিনী। গোঁড়া হিন্দু চরিত্র। বিধবা। আমি কখনোই ভাবতে পারি না যে আমার সন্তান অন্য ধর্মের মানুষের বাড়িতে অন্ন গ্রহণ করেছে। মূলত হিন্দু-মুসলমানের মধ্যে যে দ্বন্দ্ব হয়, সেখানে আমার চরিত্রটা কাজ করে।‘লাল দরজা’র পর আপনাকে সে ধরনের ছবিতে দর্শক আর পায়নি কেন?আসলে লাল দরজার পর যে ছবিগুলোতে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম, সেগুলো ওই মাপের ছিল না বলেই করিনি। নিজের চরিত্র না হোক, ছবিটি যদি ভালো হতো, তাহলেও করতাম।দেশে তো আপনি বাণিজ্যিক ছবিতে সফল নায়িকা। বাণিজ্যিক ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন কেন?আমি সরিয়ে নিইনি। এখনো বছরে দুটি বা তিনটি ছবিতে কাজ করছি। কিন্তু সমস্যা হচ্ছে, আমার জন্য যে উপযুক্ত চরিত্র তৈরি করা প্রয়োজন, নির্মাতারা সেটা করছেন না। তা ছাড়া আমার যে সম্মান প্রাপ্য, তা দেওয়া হচ্ছে না।অনেকে বলেন, আপনি এখনো নায়িকা চরিত্র খোঁজেন। চরিত্রাভিনেত্রী হতে চান না। এ জন্যই নাকি নির্মাতাদের সঙ্গে আপনার বনিবনা হয় না।দেখুন, আমি নায়িকা চরিত্র করব, এটা বলিনি। আমি বলেছি, আমাকে নিতে হলে আমার জন্য মানানসই একটি চরিত্র লাগবে। এখন যদি আমাকে কেউ বলেন যে ভাবি বা মায়ের চরিত্রে কাজ করবেন, পুরো ছবিতে একটা-দুইটা দৃশ্য আপনার—তাহলে কি আমার সেই ছবিতে কাজ করা উচিত? মাঝেমধ্যে দু-একটা ছবি পাচ্ছি, করছি। এর মধ্যে শাহজাহান চৌধুরীর আত্মদান ছবিতে কাজ করলাম। পুরো ছবিতে আমি ও আলমগীর ভাই-বোন। অসাধারণ গল্প। যদি বছরে এমন একটি ছবিতে কাজ করি, তাহলে কি আর কিছু লাগে? আমার কোনো আফসোস নেই। আফসোস হতো, যদি দেখতাম যে খুব ভালো ভালো ছবি হচ্ছে, কিন্তু আমি করতে পারছি না। সে রকম তো কোনো ছবি হয়ও না। সারা দুনিয়ায় ছবির ধারা বদলে যাচ্ছে। আমাদের দেশে এখনো পাঁচটি গান, ছয়টি মারামারি আর ১০টি সংলাপ—এই ধারাতেই ছবি হচ্ছে। এভাবে একটি শিল্প চলতে পারে না। এটা আমাদের নির্মাতাদের বুঝতে হবে। নইলে ভবিষ্যতে পস্তাতে হবে। সস্তা চলচ্চিত্রে অভিনয় না করে, এখন আমি মেয়েকে সময় দিচ্ছি। বছরের অনেকটা সময় কানাডায় থাকছি। ভাইবোনদের সঙ্গে দেশ-বিদেশ ঘুরছি, এতেই বা আনন্দ কম কিসে? অনেক ভালো আছি।