অনেক রূপের এক রুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমা মোদক
রুমা মোদক

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ছাড়িগঙ্গা নাটকের জ্ঞানেন্দ্র চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়—খবরটি শোনার পরপরই হবিগঞ্জ থেকে ঢাকার বাসে উঠলেন তিনি। গন্তব্য ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমী। নাটকটি দেখে ফিরতি বাসে আবার ফিরে যাবেন কর্মস্থলে—হবিগঞ্জে।
হ্যাঁ, হবিগঞ্জ থেকে আসা রুমা মোদক সেদিন ৪ সেপ্টেম্বর সন্ধ্যাবেলা শিল্পকলা একাডেমীতে বসে দেখেছিলেন সৌমিত্রর মন মাতানো অভিনয়। এমনটি তাঁরা (তিনি ও তাঁর স্বামী অনিরুদ্ধ কুমার ধর) প্রায়ই করেন, ঢাকায় ভালো কোনো প্রযোজনা মঞ্চস্থ হবে জানতে পারলে হবিগঞ্জ থেকে চলে আসেন শিল্পকলায়।
কেন?
‘নাটকের টানে। আমরা তো হবিগঞ্জে থাকি। তবে ভালো মঞ্চনাটকের খবর পেলে মিস করতে চাই না—বিনা নোটিশে চলে আসি ঢাকায়। নাটক দেখে আবার ফিরে যাই।’—প্রথম আলো অফিসে বসে তরুণ প্রজন্মের নাট্যকার রুমা মোদকের এ কথাগুলো যখন শুনছি, তখন ৫ সেপ্টেম্বর সকাল। আগের দিন তিনি দেখেছেন ছাড়িগঙ্গা। একটু পরেই ধরতে হবে হবিগঞ্জের গাড়ি। তাই উঠি উঠি করছিলেন আলাপের শুরু থেকেই। তবে আমরা কি ছাড়বার পাত্র! তাঁর নাট্যজীবনের গল্পগুলো তো জানা চাই।
লিখতেন গল্প। তবে নাটক ও নাট্যমঞ্চের রুমার সঙ্গে জড়িয়ে পড়া বেশ পরে, ১৯৯৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়ালেখা করার পর ফিরে গেলেন হবিগঞ্জে, জড়িয়ে পড়লেন স্থানীয় নাট্যদল ‘জীবন সংকেত’-এ। এ দলের হয়েই প্রথম নাটক লেখা—কমলাবতীর পালা। রুমা আওড়ে চলছেন স্মৃতি, ‘এ নাটকটি লেখার পর মঞ্চের প্রেমে পড়ে গেলাম। মনে হলো, নাটক যখন লিখবই, তখন এ বিষয়ে লেখাপড়া করি না কেন। এ সময় হাতে পেলাম সেলিম আল দীনের মধ্যযুগের বাংলা নাট্য। এই বইটিই নাটক সম্পর্কে আমার ধারণা বদলে দিল। বর্ণনাত্মক ধারায় নাটক লিখতে শুরু করলাম।’
এরপর ২০০১-এ বর্ণনাত্মক ধারাতেই লিখলেন বিভাজন। এখানে রুমার বক্তব্যও একটু জানা প্রয়োজন, ‘নাটক তো সাহিত্যের অন্তর্গত। কিন্তু অধিকাংশ সংলাপনির্ভর নাটকে সাহিত্যের স্বাদ অতটা পাওয়া যায় না, যতটা পাওয়া যায় বর্ণনাত্মক নাটকে।’ তো, বিভাজন-এর মাধ্যমে নাট্যকার হিসেবে প্রথমবারের মতো পাদপ্রদীপের আলোয় এলেন রুমা। সুদীপ চক্রবর্তী নির্দেশিত এ নাটকটি সে সময় বেশ প্রশংসা কুড়িয়েছিল নাট্যবোদ্ধাদের। তারপর যুদ্ধগাথা ’৭১, যুদ্ধ এবং জয়ীতারার পর যখন তাঁর রচনায় মঞ্চে এল জ্যোতিসংহিতা, নাট্যজগতে রুমার এগিয়ে চলা গতি পেয়েছে তত দিনে। এর মধ্যে নাট্যকার রুমা মোদক আত্মপ্রকাশ করেছেন অভিনয়শিল্পী হিসেবেও।
তবে কি আমরা অভিনেত্রী রুমার গল্প শুনব না?
‘প্রথম মঞ্চে উঠেছিলাম প্রক্সি দেওয়ার জন্য।’—রুমার মুখে এ কথা শুনে আপনি কি ধাক্কা খেয়েছেন খানিকটা? এবার শুনুন পুরো গল্পটা, ‘আমাদের দলের একটি প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র। নির্দেশক আমার স্বামী অনিরুদ্ধ কুমার ধর। একটি নাট্যোৎসবে নাটকটি মঞ্চায়ন করব আমরা। সবকিছু ঠিকঠাক। এ সময় নাটকের প্রধান চরিত্র মৃণালের রূপায়ণকারী অভিনেত্রী ব্যক্তিগত সমস্যার কারণে অভিনয় করতে পারলেন না। অগত্যা বাধ্য হয়েই ওই চরিত্রের প্রক্সি হিসেবে মঞ্চে উঠতে হয়েছিল আমাকে।’
সেই যে মঞ্চারোহণ করলেন, আর নামেননি। জ্যোতিসংহিতা প্রযোজনায় অভিনয় করেছেন মায়ের চরিত্রে। নাটকটি নিয়ে ঢাকাসহ ঘুরেছেন বিভিন্ন স্থানে। লেখার পাশাপাশি এ নাটকে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে। জানালেন, আসছে ডিসেম্বরে গঙ্গা-যমুনা নাট্যোৎসবে নাটকটি নিয়ে যাবেন কলকাতায়।
নিজের দলের বাইরে অন্য নাট্যসংগঠন ঢাকার থিয়েটার আর্ট ইউনিটের জন্যও সম্প্রতি কানাইকথা নামে একটি নাটক লিখেছেন রুমা। অচিরেই মঞ্চে আসবে এটি।
স্বামী নির্দেশক, তিনি নাট্যকার—নাটককে ঘিরেই রুমা মোদকের গোটা পরিবার। এখন বেড়েছে তাঁর কাজের পরিধিও। নাটক রচনা ও অভিনয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রযোজনায় পোশাক পরিকল্পনার কাজও করছেন এখন। বললেন, ‘যারা ভালোবেসে থিয়েটার করে, তারা যেন একটু পৃষ্ঠপোষকতা পাই’—আলাপের শেষে রুমার এ কথাটি ছিল অনেকটা আকুতির মতো। আর তাঁর মধ্যে আমরা যেন দেখলাম, অনেক রূপের এক রুমার জীবন যেন ক্রমাগত নেচে চলেছে রঙ্গমঞ্চের তাল-লয়ে।