অনেকের 'আইডল' হতে চান সুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্‌নাজ সুমি। ছবি: খালেদ সরকার
শাহ্‌নাজ সুমি। ছবি: খালেদ সরকার

গল্পটা বললেন সুমির মা। মানুষ যখন সুমিকে অতটা চিনত না, তখনকার কথা। একবার পারলারে নিয়ে গিয়ে মেয়ের মাথার চুল একটু কেটে দিয়েছিলেন। কাটা শেষ করার পর সুমির সে কী কান্না। সেই কান্না থেমেছিল তিন দিন ভাত না খেয়ে থাকার পর।

শাহ্‌নাজ সুমিকে প্রথম দেখায় আপনার মনে হতে পারে ‘অতটুকুন’ মেয়ে। আসলেই তাই! সবে এসএসসি পাস করেছে। জিপিএ-৫ পেয়ে। যাঁরা এতক্ষণে শাহ্‌নাজ সুমিকে চিনতে পারেননি, তাঁদের জন্য সহজ করে দিই। এ বছর নারী দিবসের একটি বিজ্ঞাপনে দেখা গেছে। যে বিজ্ঞাপনে পারলারে গিয়ে বারবার চুল আরও ছোট করার অনুরোধ করে মেয়েটি, যাতে চুলটা আর মুঠোয় ধরা না যায়। বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকায় হয়েছে নিউজ।

‘জানেন, মাথার চুল আমার অনেক প্রিয়। এগুলো কাটার কথা ভাবতেই পারি না।’ কথার শুরুতেই চুল নিয়ে এমন মন্তব্য করলেন সুমি। এখন পর্যন্ত দুটি বিজ্ঞাপন করেছেন, হাতে গোনা কয়েকটি নাটক। কিন্তু এই কয়েকটি কাজই বড় স্বপ্ন দেখিয়েছে তাঁকে। গত রোববার মাসহ এসেছিলেন প্রথম আলোর কার্যালয়ে। ছবি তোলা শেষে বসলেন মুখোমুখি।

সবে তো শুরু, কত দূর যাওয়ার ইচ্ছা? প্রশ্ন শুনে সুমি মুখ খোলার আগেই মুখ খুললেন তাঁর মা। ‘আমার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে।’

কীভাবে?

‘আমার মেয়ে কখনো কোনো কিছুতে হারেনি। পড়াশোনা থেকে শুরু করে নাচ পর্যন্ত। সবকিছুতে ভালো করেছে। এই তো কদিন আগে আবুল হায়াতের মতো একজন অভিনেতার পরিচালনায় একটি নাটকের অভিনয় করেছে। একটা দৃশ্য শেষ করার পর আবুল হায়াত উঠে এসে আমার মেয়ের কপালে চুমু খেয়ে যা বলেছে, তাতেই আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে।’

কী বলেছেন আবুল হায়াত? তাকাই মা-মেয়ের দিকে। গর্বিত মা মিটি মিটি হাসেন। সুমি লাজুক মুখে মাথা নিচু করে। আস্তে আস্তে বলেন, ‘তিনি বলেছেন “অনেক অনেক দিন পর তোমার মতো এমন অভিনেত্রী জন্মায়। নিজের খেয়াল রেখো, মা।”’

নিজের খেয়াল কি আদৌ রাখে সে?

‘একদমই না। ওর খুবই চাপা স্বভাবের। ছোটবেলা থেকে নাচ শিখেছে। পায়ের আঙুল ভেঙেছে। ব্যথা পেয়েছে। কিন্তু আমাকে কখনো কিছু বলেনি।’ পাশ থেকে ‘এক্সট্রা’ তথ্য দেন মা।

সুমি হাসেন। চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন ৩-এর সেরা ১০-এ জায়গা করে নেওয়া মেয়েটি হাসতে হাসতেই বলেন, ‘আমি ঠিকঠাক নিজের কাজটা করতে চাই। আমার অনেকেই আইডল। আমার স্বপ্ন আমি একদিন কারও না কারও আইডল হব।’

আইডল হওয়ার জন্যই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। এইচএসসি শেষ করে দেশের বাইরে অভিনয়ের প্রশিক্ষণের জন্য যেতে চান। তারপর দেশে এসে পুরোদস্তুর অভিনয় ও নাচের সঙ্গে যুক্ত হতে চান। তবে এত কিছুর মধ্যে অবশ্যই ঠিক রাখতে চান নিজের পড়াশোনা। সবকিছু ঠিক থাকলে হয়তো নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ শব্দটাও লেগে যেতে পারে তাঁর নামের আগে।

আপাতত বিজ্ঞাপন, নাটক আর নাচের অনুষ্ঠানেই দেখা যাক সুমির ক্যারিশমা।