অন্তরঙ্গ ভয়ের শিল্পকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘ইনটিমিট ফিয়ারস’ প্রদর্শনীর উদ্বোধনে অতিথিরা
বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘ইনটিমিট ফিয়ারস’ প্রদর্শনীর উদ্বোধনে অতিথিরা

শিল্পচর্চার মতো সৃজনশীল কাজ করেও ভয় নিয়ে বসবাস করছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। নিজ ও অন্যের ভয় নিয়ে তিনি নির্মাণ করেছেন বেশ কিছু শিল্পকর্ম। তা নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী ‘ইনটিমিট ফিয়ারস’ বা ‘অন্তরঙ্গ ভয়’। আজ শনিবার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে এ প্রদর্শনী।

মেঘমেদুর সন্ধ্যায় প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিল্পী শিশির ভট্টাচার্য্য। এ সময় শিল্পী আনিসুজ্জামান সোহেলের সঙ্গে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের।
প্রদর্শনী ঘুরে গ্রেগ উইলকক মন্তব্য করেন, শিল্পীর বহুমুখিতা প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, কাঠ, অ্যালুমিনিয়াম, পাথর—যেখানেই কাজ করেছেন, দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
শিশির ভট্টাচার্য্য বলেন, ‘সংসারজীবন, বাচ্চা, অফিস, গ্রাফিক ডিজাইনারসহ আরও অনেক কাজে সময় দেন আনিসুজ্জামান সোহেল। তার ভেতরেও তিনি প্রচুর কাজ করেন এবং সেগুলো দারুণ। প্রচুর ইমেজ নিয়ে কাজ করেন তিনি। সেসব ইমেজের সমষ্টিগত কাজ এ প্রদর্শনীতে রয়েছে।’

প্রদর্শনী ঘুরে দেখছেন শিল্পী, অতিথি ও আয়োজকেরা
প্রদর্শনী ঘুরে দেখছেন শিল্পী, অতিথি ও আয়োজকেরা

‘কালের গর্ভে হারিয়ে যাওয়া’ শিরোনামের একটি ছবি রয়েছে প্রদর্শনীতে। সেটি এই সময়কে ধারণ করেছে। কাঁটাতারের ভেতর কুঁকড়ে থাকা মানুষের অবয়ব, নির্দেশ করে মানুষের চারপাশের নানা বিপদ ও ভয়ের আশঙ্কা। ‘দ্য গ্রেট ফল’ শিরোনামের ছবিটিতে দর্শক দেখবেন যাপিত জীবনে শুধু মানুষই নয়, পশুপাখিও বিপন্ন। মানবকঙ্কালের ওপর শকুনের কঙ্কাল তারই প্রমাণ।
অ্যালুমিনিয়াম, কাঠখোদাই, ব্রোঞ্জ, স্টেইনলেস স্টিল, ফাইবার গ্লাসের স্থাপনাশিল্পের পাশাপাশি ক্যানভাসে অ্যাক্রিলিক, মিশ্রমাধ্যম চিত্রকর্ম মিলিয়ে অর্ধশত কাজ রয়েছে প্রদর্শনীটিতে। প্রদর্শনী চলবে আগামী ৪ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী উদ্বোধনের আনন্দঘন পরিবেশে বেদনার কথা জানালেন লুভা নাহিদ চৌধুরী। তিনি বললেন, ‘এটিই বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ প্রদর্শনী। এত দিন এখানে নবীন-প্রবীণ শিল্পীদের কাজ প্রদর্শিত হয়েছে।’

গ্রেগ উইলকককে মুগ্ধ করেছে প্রদর্শনীর ছবিগুলো
গ্রেগ উইলকককে মুগ্ধ করেছে প্রদর্শনীর ছবিগুলো