অন্তরে নদীর কাব্যগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটারের মায়া নদী নাটকের দৃশ্যে ত্রপা মজুমদার ও রাশেদুল আওয়াল
থিয়েটারের মায়া নদী নাটকের দৃশ্যে ত্রপা মজুমদার ও রাশেদুল আওয়াল

মুক্তিযুদ্ধে বিজয়ের উন্মাদনা যখন সবার হৃদয়ে, তখনই জন্ম নেয় থিয়েটার নাট্যদল। সেই দলটি এক এক করে অতিক্রম করেছে ৪৪ বছর। এই দীর্ঘ সময়ে দর্শকদের উপহার দিয়েছে ৪৫টি মঞ্চনাটক। বাংলাদেশের নাট্য আন্দোলনের প্রথম কাতারের দল থিয়েটার নিয়মিত প্রদর্শন করে চলেছে নিজেদের আটটি প্রযোজনা ঢাকাসহ দেশের নানান নাট্যমঞ্চে। ‘সবার উপরে জীবন সত্য’ স্লোগান সামনে রেখে সম্প্রতি থিয়েটার আয়োজন করে ‘থিয়েটার সপ্তাহ ২০১৫’। এই সাত দিনে থিয়েটার প্রদর্শন করেছে নিজেদের সাতটি নাটক।
প্রতি উৎসবে থিয়েটার একটি নতুন প্রযোজনা উপহার দেয় নাট্যপ্রেমীদের। যার ব্যতিক্রম হয়নি এবারও। ৪৬তম প্রযোজনা মায়া নদী তার উজ্জ্বল প্রমাণ। এ কথা সত্য বলে প্রমাণিত, থিয়েটার সব সময় সমকালীন বিষয় নিজেদের নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এ ক্ষেত্রে মায়া নদী তার ব্যতিক্রম নয়।
বাংলাদেশের মানুষের বসবাস ১২ হাজার নদী আর জলাভূমি ঘিরে। তাই এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, শিল্প, সংস্কৃতি, আচার, আচরণ পুরোটাই প্রকৃতির ওপর নির্ভর করে। বাংলার অপরূপ বৈচিত্র্যময় প্রকৃতি, ছয় ঋতুর সুনিবিড় বন্ধনে আবদ্ধ। উন্নয়নের নামে নেওয়া বিভিন্ন ভুল পদক্ষেপ আর ভয়ংকর জনবিস্তারে নদীর অপার সৌন্দর্য ও প্রবহমানতা ক্রমশ হ্রাস পেতে শুরু করেছে। সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন।
বাংলার প্রত্যেক মানুষের মনে একটি নদী বাস করে। কারণ, সবার অন্তরে বাস করে প্রকৃতি। তেমনি একজন মানুষ কালিদাস। গ্রামে-গঞ্জে গান গেয়ে বেড়ায় আর নদ-নদীর দুর্দশা দেখে ক্রমাগত ক্ষতবিক্ষত হয়। আত্মভোলা কালিদাসের জীবনে সন্ধ্যা রানীর প্রেম-মমতাও তাকে বেঁধে রাখতে পারেনি। পথে পথে ঘুরে বেড়ানো আর গানে গানে নদীর নির্মম আর অব্যক্ত কষ্ট প্রকাশ করা হয়ে ওঠে কালিদাসের প্রধান কাজ।
এর জন্য দায়ী কে? পশ্চিমা উন্নত জীবনব্যবস্থার অনুকরণে ভোগবাদিতার দিকে ধাবিত হওয়া, নাকি অপরিকল্পিত উন্নয়ন?
সমসাময়িক ও সময় উপযোগী প্রযোজনা মায়া নদী। শুরুতেই মুগ্ধ হতে হয় নান্দনিক মঞ্চসজ্জা দেখে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে সার্থকভাবে নদীপারের জনজীবন ফুটিয়ে তুলেছেন নূর-জামান রাজা। সংগীতের চমৎকার প্রয়োগ নাট্যক্রিয়াকে আরও আবেগময় করে তুলেছে, যা সত্যি হৃদয়ে দোলা দেয়। বিশেষ করে নদীতে নৌকার ওপর সন্ধা রানী ও কালিদাসের কথোপকথনের দৃশ্যে সুর-আলোর সংমিশ্রণে অপূর্ব দৃশ্যকাব্য ফুটে উঠেছে। একদিকে কালিদাসের দেশের সব নদীর তীরে পদচিহ্ন রেখে যাওয়ার সংকল্প, অপর দিকে সন্ধা রানীর প্রিয়তমকে না পাওয়ার হাহাকার ভারাক্রান্ত করে তোলে মিলনায়তনের দর্শকদের। বহুদিন মনে থাকবে ত্রপা মজুমদারের অভিনয়। এ ছাড়া মায়া নদীর প্রাণ একঝাঁক নতুন অভিনয়শিল্পী। নির্দেশক একই সঙ্গে প্রবীণ ও নবীনের সমন্বয় ঘটিয়েছেন নিপুণ দক্ষতায়।
তবে এ ক্ষেত্রে যেটা বলা আবশ্যক, তা হলো নাটকের গল্পের ধারাবাহিকতা। যা নাট্যমুহূর্ত তৈরি হতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। এদিকে নজর দেওয়া আবশ্যক। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, গ্রাম্য মেলার দৃশ্যে নাটকের বিষয়বস্তুকে কেন্দ্র করে অতি গুরুত্বপূর্ণ সংলাপের গভীরতার যথাযথভাবে প্রকাশ ঘটেনি।
এ ছাড়া নাটকের শেষ মুহূর্তে মনে হয় হঠাৎ করে শেষ হয়ে গেল। নির্দেশককে অনুরোধ, ভূমিদস্যু ও বিদেশির বাক্যালাপের দৃশ্যটির ধারাবাহিকতা নাটকের পরবর্তী অংশে প্রয়োজনমতো ব্যবহার করা গেলে মূল গল্পের যুক্তিগুলো আরও গভীরভাবে দাঁড় করানো যাবে বলে মনে হয়।
বর্তমান মঞ্চে নাট্যকর্মী-সংকটে এতগুলো নতুন নাট্যকর্মী উপহার দেওয়া; সর্বোপরি মঞ্চ, আলো, আবহ সংগীতের নান্দনিক প্রয়োগের পাশাপাশি প্রাণবন্ত প্রযোজনা উপহার দেওয়ার জন্য থিয়েটারকে ধন্যবাদ।
পরিশেষে বলতে চাই, নদী, প্রকৃতি ও মানবিকতার এই গল্পের প্রাণবন্ত প্রয়োগের সার্থক প্রকাশ ঘটানোর কারিগর নির্দেশক মারুফ কবিরকে আন্তরিক ধন্যবাদ।
লেখক: নাট্য নির্দেশক