অন্তহীন অদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলেবেলা থেকেই সাধারণত মানুষ তার স্বপ্নে নিজেকে অনেক বড় দেখতে শেখে—বড় হয়ে এই হব, সেই হব। আমার স্বপ্ন ছিল রসনার ছোট্ট ঘর ঘিরে। স্বপ্ন দেখতাম, একটা খাবারের দোকান দেব একদিন। আর গানটা নিছকই ভালো লাগা থেকে। সেই ভালো লাগার বয়সও খুব বেশি না। ছোটবেলায় প্রতিদিনের দিনপঞ্জির একটা সময় মুছে দিতে চাইতাম খুব, গান শেখার জন্য বসতে হতো যখন। গান নিয়ে স্বপ্নটা তাই নতুনই বলা চলে।’ অদিতের সেই গানই এখন স্বপ্ন দেখায় অনেককে। ১৭ মার্চ সকাল অবধি ইউটিউবে তাঁর সর্বশেষ অ্যালবামের ‘আজ এই আকাশ’ গানটির মিউজিক ভিডিও দেখা হয়েছে এক লাখ ১৯ হাজার ৬০০ বার। নবীন একজন শিল্পীর গানে শ্রোতাদের এমন সাড়ার কথা তুলতেই অদিতের মৃদুভাষ্য জবাব, ‘গান নিয়ে আগে স্বপ্ন না দেখলেও এখন গানই আমার সব। আর গান নিয়ে আমার স্বপ্ন দেখার শুরুটা শ্রোতাদের ওই ভালোবাসা থেকেই। আজ আমি নিজেকে পুরোদস্তুর পেশাদার মিউজিশিয়ান হিসেবেই চিনতে চাই। তবে এখনো মিউজিকের কিছুই শেখা হয়নি, সবে তো শুরু। সংগীতকে বোঝার চেষ্টাটা আমার অন্তহীন।’অন্তহীন অদিতের সুর ও সংগীত আয়োজনে এলিটা ও মাহাদির অ্যালবাম। আসিফ ইকবালের কথায় অন্তহীন-এ অদিতের গাওয়া গানও আছে তিনটি। পুরো অ্যালবামটি নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে জানান অদিত। ‘এখন পথে, গাড়ি কিংবা কারও বাসা থেকে যখন আমার গান কানে আসে, অন্য রকম একটা ভালো লাগা অনুভব করি।’ এ ছাড়া কুমার বিশ্বজিতের একক অ্যালবাম রোদেলা দুপুর-এর শিরোনাম অদিতের সুর করা। এর আগে অর্ণবের সহকারী হিসেবে অদিত কাজ করেছেন মনপুরা ছবির সংগীত পরিচালনায়। অর্ণবের সঙ্গেই জাগো ছবিতে ছিলেন সহকারী সংগীত পরিচালক। জাগো ছবির নেপথ্য সংগীতের পুরো কাজও অদিতের করা। এ ছাড়া নিজের মিউজিক স্টুডিও ‘ফ্যাটম্যান রেকর্ডসে’ ডজনখানেক টিভি ও বেতারের বিজ্ঞাপনের মিউজিক করেছেন তিনি। এর মধ্যে অদিত কাজ করেছেন মুক্তি প্রতীক্ষিত ছবি দ্বীপ নেভার আগেতে। এলিটা করিমের আরেকটি একক অ্যালবামের কাজ অনেক দূর এগিয়েছে, যদিও কাজটি একটু পিছিয়ে গেছে অন্য ব্যস্ততার কারণে। অদিত এখন কাজ করছেন যুক্তরাজ্যপ্রবাসী শিল্পী জেনার একক অ্যালবাম নিয়ে। জেনার এ অ্যালবামটি নিয়ে অদিত খুব আশাবাদী। নিজ বাসায় মিউজিক স্টুডিওতেই তাঁর দিন কাটে এখন। ছোট্ট স্টুডিওটি তিনি সাজিয়েছেন সংগীতায়োজনের সর্বশেষ প্রযুক্তির সমাহারে। এখন পুরোদস্তুর এই মিউজিশিয়ানের সংগীতাঙ্গনে আসার গল্পের শুরুটা খেয়ালের বশে। বাবা পেশায় আইনজীবী হলেও সংস্কৃতি অঙ্গনের সঙ্গে খুব ভালোভাবেই আছেন। সরকারি কর্মকর্তা মা-ও তা-ই। সব মিলিয়ে ভাইবোন আর কাজিনরা মিলে বাসায় সারাক্ষণই হই-হুল্লোড়। বহু কণ্ঠে সুরে সুর মিলিয়েই অদিতদের বেড়ে ওঠা। বাসার আড্ডায় বসেই কত গান লিখেছেন তাঁরা, সঙ্গে সঙ্গেই সুর। গিটারে তুলে গলা ফাটানো। এরপর যা হতো আর কি, পুরোনো সুর ভুলে নতুন কোনো সুরে মেতে ওঠা। এভাবেই ভাইবোন আর কাজিনরা মিলেই বছর পাঁচেক আগে একটি ব্যান্ড গড়ে তুললেন নিজেদের বাসায়। মিথ। এ ঘর, সে ঘর, ছাদ কিংবা বারান্দায় চলত মিথের অনুশীলন। সঙ্গে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল বড় ভাই আদনান। বোন দোলা আর এই দুই ভাইয়ের গলায় বাজারে এল মিথের প্রথম অ্যালবাম মিথ। প্রথম অ্যালবামেই আশাতীত সাড়া মিলেছিল। অদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতক হয়েছেন সম্প্রতি। তবে এখন তিনি পূর্ণকালীন মিউজিশিয়ান, এটাই তাঁর পেশা। ইচ্ছা আছে মিউজিকে বাইরে থেকে পড়ে আসার। থাকতে চান গান নিয়েই।