অন্তহীনের পর এবারে ‘সবটা জুড়ে’
আসিফ ইকবালের কথায় সর্বশেষ মিশ্র অ্যালবামটির নাম ছিল অদিত ফিচারিং ‘অন্তহীন’। তাও প্রায় বছর দুয়েক আগের কথা। দ্বৈত গানের এ অ্যালবামটিতে গান করেছিলেন এলিটা ও মাহাদী। এবারে আসিফ ইকবালের ভাবনা ও কথায় আসছে আট শিল্পীর মিশ্র গানের অ্যালবাম ‘সবটা জুড়ে’। আহমেদ রাজীব ফিচারিং সবটা জুড়ে অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, মাহাদী, কনা, এহসান রাহি, রাজীব, মেহনাজ ও নীলা নাজনীন। সবটা জুড়ে অ্যালবামে শিল্পীদের একক গানের পাশাপাশি রয়েছে দ্বৈত গানও।অ্যালবামটি সম্পর্কে আসিফ ইকবাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘অ্যালবামটির সব ধরনের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। সামনের জুনে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন।’অ্যালবামটির মোট দুটি গানে কণ্ঠ দিয়েছেন কনা। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘আসিফ ইকবাল ভাইয়ের কথায় এবারই প্রথম গান করলাম। গানটির কথা এককথায় অসাধারণ। তবে আমার কাছে মনে হয়েছে গানটি আরও ভালোভাবে গাওয়া যেত। তার পরও চেষ্টা করেছি নিজের অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়ার।’এদিকে কথা প্রসঙ্গে নিজের গাওয়া গান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে কনা বলেন, ‘সত্যি কথা বলতে কি—আমার কাছে মনে হয়েছে, গত এক বছরের মধ্যে অদিত ফিচারিং ফ্যাটম্যান ইঙ্ক অ্যালবামের “শেষ প্রহর” গানটি করে আমি অনেক বেশি তৃপ্ত। এ জন্য অদিতের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা।’সবটা জুড়ে অ্যালবামটির পরিবেশনায় থাকছে গানচিল।