অন্ধকারে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার ফলে সাত দিন ধরে একরকম অন্ধকারেই আছে পুরান ঢাকার গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র। বিল বকেয়া থাকার কারণে গত ৩০ নভেম্বর কেন্দ্রটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ কারণে কয়েক দিন ধরে কোনো ধরনের অনুষ্ঠান হচ্ছে না।
২০০৮ সালে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা কেন্দ্রটির উদ্বোধন করেন। বছর খানেক পর পুরোপুরি কার্যক্রমে আসে কেন্দ্রটি। উদ্বোধনের পর বিভিন্ন সংগঠন, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বিভিন্ন উৎসবের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে এই কেন্দ্রটি। কয়েক বছর ধরে সেই ধারাবাহিকতা নেই। শেষ কবে বড় আয়োজনের অংশ হতে পেরেছে কেন্দ্রটি, তা মনে করতে পারলেন না কেন্দ্রটির তত্ত্বাবধায়ক অমরেশ মণ্ডল। বললেন, ভাড়া না নেওয়ার অন্যতম কারণ সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়া ও কেন্দ্রের ভাড়া বৃদ্ধি। শুক্রবারের জন্য কেন্দ্রটির ভাড়া ১৪ হাজার ৮০০ টাকা। অন্যান্য দিন ৯ হাজার ৮০০ টাকা। তবে গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাটকের দলের জন্য ভাড়া ৮ হাজার ৫০ টাকা।
১০ ডিসেম্বর বিক্রমপুর নাট্য সংসদের একটি মঞ্চনাটক প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। সেটিও এখন হবে কি না, ঠিক নেই।
কেন্দ্রটির দায়িত্বে আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিদ্যুৎ বিল আসার পর কেন্দ্র কর্তৃপক্ষ সেটি জমা দেয় করপোরেশনে। এর আগেও কয়েকবার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অমরেশ মণ্ডল বলেন, ‘গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করার।’
অন্যদিকে সিটি করপোরেশন সূত্র বলছে, বেশ কয়েক মাসের বিল একসঙ্গে পরিশোধ করা হয়। বিষয়টি ফাইলে নথিভুক্ত করে হিসাব শাখায় পাঠাতে সময় লাগে। এর মধ্যেই সংযোগ কেটে দেয় বিদ্যুৎ বিভাগ।
চারতলা ভবনের এই কেন্দ্রের নিচতলায় আছে গাড়ি পার্কিংয়ের জায়গা, জহির রায়হান লাইব্রেরি ও স্থানীয় ওয়ার্ড কমিশনারের অফিস। দ্বিতীয় ও তৃতীয় তলা মিলিয়ে একটি মিলনায়তন। চার শতাধিক দর্শক সেখানে বসতে পারেন। চতুর্থ তলায় রয়েছে মহড়ার জন্য বেশ কয়েকটি কক্ষ। আধুনিক সুবিধা নিয়ে কেন্দ্রটি চালু হলেও দর্শক এখন আর সেই সুবিধা ভোগ করতে পারছেন না। মিলনায়তনের ১৬টি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) মধ্যে দুটি সচল আছে। সাউন্ড সিস্টেম ও কয়েকটি লাইটও বিকল।
অমরেশ মণ্ডল বলেন, ‘সংস্কার করে উদ্যোগী হলে কেন্দ্রটি এই এলাকার মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বড় জায়গা হতে পারে। এসি, লাইট ও অন্যান্য যন্ত্রাংশের জন্য সিটি করপোরেশনে অনেকবার নোট লিখে পাঠিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। একটি কেন্দ্র করার সময় সবাই উদ্যোগী হন। কিন্তু পরে আর খোঁজ নেন না।’