অন্ধকারে মিথেন

পরীক্ষণধর্মী নাটক অন্ধকারে মিথেন। কাহিনি গড়ে উঠেছে মূলত কয়লার খনিতে পান্থশালার (বার) মালিকের মেয়ে ও তাঁর শিশুর জন্মপরিচয়কে কেন্দ্র করে। নাটকে একটি কয়লার খনির ভেতরে পান্থশালা চালান ভিভিয়ান। ভিভিয়ান বিবাহিতা৷ কিন্তু স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে৷ বাবার ব্যবসা ভিভিয়ানই মূলত দেখাশোনা করেন৷ তাঁর দোকানের সব ক্রেতাই প্রধানত কয়লা খনির শ্রমিক।
বাংলাদেশ শিল্পকলা পরীক্ষণ থিয়েটারে গতকাল শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো নাটক অন্ধকারে মিথেন। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। েরপার্টরি থিয়েটার ‘আগন্তুক’ মঞ্চস্থ করে নাটকটি। অন্ধকারে মিথেন নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পান্থ শাহরিয়ার, ত্রপা মজুমদার, জাহাঙ্গীর আলম, তাহমিনা ইসলাম, ফয়েজ জহির, মোস্তাফিজ শাহিন, ফখরুজ্জামান চৌধুরী প্রমুখ। নাট্যশিল্পীরা বিভিন্ন নাটকের দলের সঙ্গে জড়িত আছেন।
নাটকে একজন স্ত্রীর প্রতি স্বামীর অগাধ ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা আর বিবেকতাড়িত হয়ে পূর্বের স্মৃতির আঙিনায় ফিরে আসার নানা দিক ফুটে উঠেছে। একদিন দুপুর৷ হোটেল জনশূন্য। ভিভিয়ান একাই দোকানে কাজ করছেন। হঠাৎ করেই একজন অপরিচিত লোকের আগমন। ভিভিয়ান ভাবলেন, হয়তো কোনো ক্রেতা। তা ভেবে আগন্তুককে তিনি প্রথমে পান্থশালায় বসতে দিলেন, তারপর জানতে চাইলেন তিনি কী চান এবং কী খাবেন? এরপর তাঁরা দুজনে একে অপরের সঙ্গে পরিচিত হলেন। ভিভিয়ান তাঁর পরিচয় জানতে পারলেন আগন্তুক এই শহরে নতুন ব্যবসায়ী, নাম লরেন্স টেইলর। লরেন্স কথায় কথায় ভিভিয়ানকে নানাভাবে আকর্ষণ করতে থাকেন। একপর্যায়ে ভিভিয়ান পান্থশালায় কাজ করেন বলে কিছুই পারেন না, এমনকি নাচতে পারেন না বলেও তাচ্ছিল্য করেন লরেন্স। ভিভিয়ান তাঁর কাছে জোর করেই নাচ শিখতে চান। নাচ শিখতে গিয়েই একা পেয়ে সর্বনাশ তাঁর করে বসেন লরেন্স। কোনো কিছু বুঝে ওঠার আগেই সটকে পড়েন তিনি। কিন্তু বিপাকে পড়েন ভিভিয়ান। তাঁদের দুইজনের মেলামেশার ফলে জন্ম নেয় একটি ফুটফুটে শিশু। তবে জন্মের পরই ভিভিয়ান শিশুকে অন্যের হাতে তুলে দেন হত্যার জন্য। নাটকের শেষ দৃশ্যে আবারও দেখা মেলে লরেন্সের সঙ্গে। কিন্তু তিনি এবার ভিিভয়ানকে নিতে আসেন। ভিভিয়ান তাঁর সঙ্গে যেতে অস্বীকৃতি জানান এবং তাঁর সেই আগত সন্তানকে হত্যা করেছেন বলে জানান। নাটকের একপর্যায়ে ভিভিয়ানের কাছে ফিরে আসেন তাঁর স্বামী৷
অন্ধকারে মিথেন নাটক নিয়ে পান্থ শাহিরয়ার বলেন, ‘এক ধরনের নিরীক্ষা করতে চেয়েছি। আমরা অভিনয় দিয়ে ধরতে চেয়েছি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকে। সফোক্লিসের ইডিপাস থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটি গল্প তৈরি করেছি। দেখতে চেয়েছি মানুষ কী করে নিয়তির কাছে নিজের অজান্তেই আটকে পড়ে। আর তা জানতে চেয়েছি নারীর অন্তর্গত অনুভূতি থেকে।’