
পেশায় স্থপতি, তবে শাকুর মজিদ ভ্রমণকাহিনি লেখায় সিদ্ধহস্ত। শখের বশে ঘুরে বেড়ান। তাঁর ঘুরে বেড়ানো শুধু কিছু স্মৃতি বহন করা আর ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়। পরবর্তী সময়ে নিজের দেখাকে লেখায় পরিণত করেন পাঠকদের জন্য। ২০১৩ সালে অক্টোবরে একদল স্থপতির সঙ্গে আট রাতের সফরে গিয়েছিলেন নেপালে। সে দলের সঙ্গে ঘুরেছেন পোখরা, নাগরকোট আর কাঠমান্ডু। চোখ ভরে দেখেছেন, মিশে গেছেন সেই দেশের মানুষের সঙ্গে। তারই বর্ণনা দিয়ে লিখেছেন ভ্রমণকাহিনি অন্নপূর্ণায়।
গতকাল শনিবার ছিল বইটির প্রকাশনা উৎসব। সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট-সংস্কৃতি ভবন মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন স্থপতি মোবাশ্বের হোসেন। তাঁরাসহ মঞ্চে নতুন বইটির মোড়ক উন্মোচন করেন কবি ও স্থপতি রবিউল হুসাইন, স্থপতি আবু সাইদ এম আহমেদ, বইটির প্রকাশনা সংস্থা উৎস প্রকাশনের মোস্তফা সেলিম, বাংলাদেশে নেপালের উপরাষ্ট্রদূত সুশীল লামসাল। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন লেখক শাকুর মজিদ। ‘ফ্রেন্ডস অব আর্কেশিয়া’ নামে স্থপতিদের একটি সংগঠন এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে নেপাল ভ্রমণ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের নির্বাচিত অংশ দেখানো হয় ।
বইটিতে লেখক কাহিনি শুরু করেছেন ‘পোখরার পথে’ ভ্রমণের বর্ণনা দিয়ে। এরপর তিনি একে একে লিখে গেছেন ‘সাংগারকোটের ভোর’, ‘পোখরা ও তার আকাশ চরণ’, ‘বিকেলের ফেওয়া হ্রদ’, ‘ডেভিস ফলের নেপালি’, ‘বাদুরগুহার রডোডেনড্রোন’, ‘সাদা জলের নদী’, ‘বাইদামে সন্ধ্যা’, ‘মনোকামনা মন্দির’, ‘নাগরকোটের এভারেস্ট’, ‘পাতান দরবার স্কয়ার’, ‘পাতানের সোনার মন্দির’, ‘কাঠমান্ডু দরবার : হনুমান ধোকা’ ও ‘ভক্তপুর দরবার চত্বর’।
বাংলাদেশ লেখক শিবিরের সাহিত্য সম্মেলন
শনিবার সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেখক শিবির আয়োজিত দিনব্যাপী সাহিত্য সম্মেলন। সকালের উদ্বোধনী পর্বে ‘বাংলা কবিতা: মুক্তির অভিঘাত ও অঙ্গীকার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পিয়াস মজিদ। আর ‘পার্বত্য চট্টগ্রাম: কবিতায় তারুণ্যের পদচারণা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন হাফিজ রশীদ খান। এ দুই বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন কবি মুহম্মদ নূরুল হুদা, ইকবাল আজিজ ও আমিনুর রহমান সুলতান। প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন লেখক শিবিরের সভাপতি কবি ও প্রাবন্ধিক শান্তনু কায়সার।
সম্মেলনের দ্বিতীয় পর্বের সূচনা হয় বিকেলে। এ পর্বে ‘বাংলাদেশের কথাসাহিত্য’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জাকির তালুকদার এবং ‘মণিপুরী কথাসাহিত্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শুভাশিস সিনহা। আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, খালেকুজ্জামান ইলিয়াস প্রমুখ। এ পর্বে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী শওকত আলী।
কবি সংসদের জাতীয় কবি সম্মেলন
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল ছিল কবি সংসদ বাংলাদেশের ষষ্ঠ জাতীয় কবি সম্মেলন। সম্মেলন শুরু হয় শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা শেষে সবাই জড়ো হন মিলনায়তনে। এখানে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী চলে দুই পর্বে বিভক্ত সম্মেলন। ছিল আলোচনা, পুরস্কার প্রদান ও কবিতাপাঠের আসর। বিকেলে কবিতাপাঠের আসরে স্বরচিত কবিতা পড়ে শোনান ঢাকা ও ঢাকার বাইরের কবিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আলোচনায় অংশ নেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি সুবোধ সরকার, ছড়াকার আসলাম সানী। স্বাগত বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন কবি সংসদের সভাপতি রাজু আলীম।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার দেওয়া হয় কবি সুবোধ সরকারকে। বিকেল চারটায় বসে সমাপনী অনুষ্ঠান। এ পর্বে ছিল স্বরচিত কবিতাপাঠের আসর। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন কবি সুবোধ সরকার।
সম্মেলনটি উৎসর্গ করা হয় কবি আবুল হোসেন, শামসুর রাহমান এবং নাট্যকার সেলিম আল দীনের স্মৃতির উদ্দেশে।