অন্য আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থতা শেষে নতুনভাবে জীবনে ফিরে এসেছেন আইয়ুব বাচ্চু। তাঁর সঙ্গে কথা বলতে বলতে জানা গেল, নতুন স্বপ্ন চোখে নিয়ে কতোটা বদলে গেছেন তিনি‘আমি ফিরব। নতুন ধরনের, নতুন ঢঙের গান নিয়ে ফিরব। আমার বিশ্বাস, নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশ এই নতুন ঢঙের গান নিয়ে আবার মাতোয়ারা হবে।’ কথাগুলো বলার সময় আইয়ুব বাচ্চুর চোখেমুখে ছিল খুশির ঝিলিক।নিজেকে আবার প্রস্তুত করছেন। প্রতিদিন একটু একটু করে গিটার প্র্যাকটিস করছেন। পুরোনো গানগুলো আবার দেখছেন। নতুন গান নিয়ে ভাবছেন।গত বছরের ২৭ নভেম্বর থেকে এ বছরের ৩ ফেব্রুয়ারি—মাঝে পেরিয়ে গেছে ৬৯ দিন। এই সময়ের মধ্যে অনেক ঝড় বয়ে গেছে আইয়ুব বাচ্চুর শরীরে। তাঁর ভাষায়, ‘আমি তো মরেই গিয়েছিলাম। সবার ভালোবাসা আর দোয়া আবার আমাকে ফিরিয়ে এনেছে।’গত ২৭ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় আইয়ুব বাচ্চুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়। পরদিন তাঁর চিকিৎসক কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিল জানান, তাঁর ফুসফুসে পানি জমেছে। এ কারণেই শ্বাস-প্রশ্বাসপ্রক্রিয়ায় কষ্ট অনুভব করছিলেন তিনি। চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি ঘটেছে। পরে জানা যায়, ওই সময় তাঁর রক্তচাপও বেশ ওঠানামা করেছিল। এরপর অনেক দিন তাঁকে হাসপাতালে থাকতে হয়েছে।আইয়ুব বাচ্চু এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছেন। এর মধ্যে সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখানে গ্লেনিগেলস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে আলাপ করেছেন। সবার একই কথা, ‘অনেক দিনের অনিয়ম, শরীর আর কেন সইবে? অনেকটা চাপ গেছে। বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে।’রোববার সন্ধ্যা। আইয়ুব বাচ্চুর সঙ্গে কথা হবে মগবাজারে তাঁর স্টুডিও এবি কিচেনে। বাইরে থেকেই বোঝা যাচ্ছে, ভেতরে শুটিং হচ্ছে। যা ভেবেছি, ঠিক তা-ই। ক্যামেরা চলছে, প্রযোজক বসে আছেন মনিটরের সামনে। কিছুক্ষণ পর পর সংলাপ বুঝিয়ে দিচ্ছেন। আইয়ুব বাচ্চু ক্যামেরার দিকে তাকাচ্ছেন, বলছেন। সব শেষে নিজের ‘চলো বদলে যাই’ গানটির সঙ্গে ঠোঁট মেলালেন। জানালেন, অসুস্থতার পর এবারই প্রথম ক্যামেরার সামনে বসেছেন। এসএ টিভির গানের অনুষ্ঠান, নাম ‘অনুভূতির ঐকতান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি।কেমন আছেন?আইয়ুব বাচ্চুর চোখ দুটি ভিজে যায়। তিনি বলেন, ‘নিজের শরীরের দিকে একবারও খেয়াল করতে পারিনি। আমার শরীর কতটুকু চাপ নিতে পারে, একবারও ভাবিনি। শুধু কাজ করে গেছি। কোনো শৃঙ্খলা ছিল না। ঘুমানো, বিশ্রাম নেওয়া—এসব কথা ভাবার সময় পাইনি। রাত ১১টায় শো শুরু করেছি, সকাল আটটা পর্যন্ত বাজিয়েছি; গান আর গিটার ছাড়া কিছুই বুঝিনি। বেলা দুইটা আর রাত দুইটা—আমার কাছে একই রকম ছিল। আমি মিউজিকটা দারুণ উপভোগ করেছি। অনেকক্ষণ বাজালে খুব ভালো লাগত। আমার গিটার আমার গানের চেয়ে লম্বা হয়, এটা আমার ভালো লাগে। তৃপ্তিটাই এখানে।’আইয়ুব বাচ্চু বলেন, ‘এখন আর আগের মতো অনিয়ম করব না। এবার একটু গুছিয়ে কাজ করব। গানের কথা, গানের স্টাইল চেঞ্জ হবে। আগে যেমন একই মঞ্চে ২০ থেকে ২৫টা গান গেয়েছি, এখন আর তা পারব না। চড়া স্কেলে গান করব না। ভক্তদের কাছে অনুরোধ, আমাকে একটু সময় দিতে হবে।’ধূমপান ত্যাগ করেছেন আইয়ুব বাচ্চু। তিনি বলেন, ‘চিন্তা করতে হলে ধূমপান, কাজ করতে গেলে ধূমপান—এখন বুঝি এসব ফালতু যুক্তি। আমার আজকের ক্ষতির জন্য ধূমপান পুরোটাই দায়ী। আমার ভক্তদেরও ধূমপান ত্যাগ করার জন্য অনুরোধ করছি।’আইয়ুব বাচ্চু এখন পুরোটা সময় বাসায় থাকেন। তিনি বলেন, ‘আমার মেয়ে বাবান বিবিএ পড়ছে আর ছেলে তাজওয়ার ক্লাস নাইনে পড়ছে। ওরা এখন আমাকে খুব কাছে পাচ্ছে। গান গান করে তো ওদের কোনো সময়ই দিতে পারিনি। এখন ওদের সঙ্গে গল্প করি, হাসিঠাট্টা করি, আড্ডা দিই। স্ত্রী আর ছেলেমেয়েদের নিয়ে বিশ্রামের এই সময়গুলো ভালোই কাটছে।’এখন খুব টিভি দেখেন তিনি। বলেন, ‘জাহিদ হাসানের নাটক খুব ভালো লাগে। জাহিদ ভাই যে এত ভালো অভিনয় করেন, আমার জানা ছিল না। তিনি তো মহা-অভিনেতা! তাঁর আরমান ভাই সিরিজের নাটকগুলো কয়েকবার দেখেছি।’‘ডি রকস্টার ১’ আর ‘নেসক্যাফে গেট সেট রক’ প্রতিযোগিতার পর এবার ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতার বিচারক হয়েছেন আইয়ুব বাচ্চু। মার্চে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে আবার এলআরবি ব্যান্ডের সদস্যদের সঙ্গে নিয়মিত প্র্যাকটিস করবেন।আইয়ুব বাচ্চু জানান, মগবাজারে তাঁর বাসা থেকে শাহবাগের মোড় একেবারেই কাছে। কিন্তু তিনি সেখানে যেতে পারছেন না। চিকিৎসকের নিষেধ, এখনই বাইরে বের হওয়া যাবে না। তিনি বলেন, ‘সুস্থ থাকলে ‘প্রজন্ম চত্বর’-এ এই তরুণদের মাঝে ঠিকই পৌঁছে যেতাম। টিভিতে তাঁদের দেখছি আর মুগ্ধ হচ্ছি। আমি বিশ্বাস করি, তরুণেরাই এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে নতুন রূপ দেবে। তাঁদের দাবির সঙ্গে আমিও একাত্মতা প্রকাশ করছি। তরুণদের বলছি, তোমরা এগিয়ে যাও, জয় তোমাদের হবেই।’