অন্য এক জুলিয়া রবার্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলিয়া রবার্টসের একটা দুঃখ আছে। মনের মধ্যে দুঃখের একটা পায়রা পুষে রেখেছেন। এই যে হলিউডে সিকি শতাব্দীর ক্যারিয়ার, এত্তো এত্তো সিনেমা করেছেন, কিন্তু একটা সিনেমাও নাকি তাঁর তিন সন্তানের কেউ দেখেনি! অবশ্য তাঁর সাত বছর বয়সী দুই যমজ সন্তান হ্যাজেল প্যাট্রিসিয়া আর ফিনাউস ওয়াল্টার হয়তো মায়ের ছবির গল্প ঠিকমতো বুঝতে পারবে না। সাড়ে চার বছরে পড়া হেনরি ড্যানিয়েলটা দস্যি হয়েছে, প্রিটি ওম্যান-এর ভিভিয়ানের মতো দুষ্টু। তার ছোট্ট মন-মাথায় সিনেমার ঘোরপ্যাঁচ কি ঢুকবে?অনেক ভেবে শেষ পর্যন্ত একটা রূপকথার ফ্যান্টাসি ছবি করার প্রস্তাবে সায় দিলেন রবার্টস। কিন্তু এই ৪৪ বছর বয়সে তো আর রাজকুমারী সাজা যায় না। রানিই সই, হোক না সেই রানি আবার বদ, কুইন ক্লেমেন্তিয়ানা। কালো জাদুর ক্ষমতাওয়ালা সেই রানি খুব হিংসা করেন রাজকন্যা স্নো হোয়াইটকে। উত্তরাধিকার সূত্রে রাজকন্যার প্রাপ্য সিংহাসন আর টগবগে ঘোড়ায় ছুটে আসা রাজপুত্তুর—দুটোই হাতিয়ে নিতে চান রানি। স্নো হোয়াইটকে বনে পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে। সেখানেই সাত বামন ডাকাত উদ্ধার করে তাকে। বড় হয়ে স্নো হোয়াইট প্রতিশোধের প্রতিজ্ঞা নেয়। রূপকথার সেই গল্পকে কমেডির ছাঁচে ফেলে বানানো হয়েছে মিরর মিরর।সেই ছবিতেই খল চরিত্রে অভিনয় করেছেন পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ হাসির অধিকারী জুলিয়া রবার্টস। তবে রবার্টসকে একেবারে ভিলেনের চরিত্রে মানাবে কেন? ভারতীয় বংশোদ্ভূত পরিচালক তারসেম সিংকে তাই ঘষামাজা করতে হলো কুইন ক্লেমেন্তিয়ানা চরিত্রটি রবার্টসের উপযোগী করে তুলতে। স্নো হোয়াইটের গল্পে সবার মনোযোগের চোখ রাজকন্যার ওপর আটকে থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু রবার্টস নাকি নজরটা তাঁর দিকে ফিরিয়ে নেবেন বারবার। দর্শককে দ্বিধার সমুদ্রে ফেলে দেবেন—স্নো হোয়াইটের পক্ষে তারা থাকবে, নাকি রানির? আগামীকাল মুক্তি পাচ্ছে মিরর মিরর।তারসেম এর আগে পৌরাণিক চরিত্রদের এনে হাজির করেছিলেন ইম্মর্টালস ছবিতে। এবার পুরাণ থেকে রূপকথা। তবে রবার্টস জানালেন, প্রথমে ফোনে যখন তাঁর কাছে প্রস্তাবটা পেড়েছিলেন তারসেম, তিনি সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন। খল চরিত্রে তাঁকে মানাবে কী করে! তারসেম শুধু এক ঘণ্টা সময় চেয়ে নিয়েছিলেন মুখোমুখি বসে পাণ্ডুলিপিটা পড়ে শোনানোর জন্য। ওই এক ঘণ্টাতেই রবার্টসের ‘না’টা ‘হ্যাঁ’ হয়ে গেছে।তবে কি শেষ পর্যন্ত নিজের সন্তানদের কথা ভেবেই রাজি হলেন? রবার্টসের উত্তর, গ্রিম ভাইদের রূপকথা থেকে প্রেরণা নিয়ে এ ছবি বানানো হলেও তাঁর ধারণা, ছবিটা শেষ পর্যন্ত বড়দেরই—‘আমার তো মনে হয় না, ওরা এই ছবিটাও দেখবে। মা হিসেবে আমি বরং চাইব, ওরা রূপকথাই পড়ুক। আসলে বাড়িতে আমরা ছবি দেখার ব্যাপারে একটু কড়াই। বাচ্চাদের ছবি দেখানোর চেয়ে বইয়ের প্রতি ঝোঁক গড়ে তোলাতেই বেশি উৎসাহী।’স্নো হোয়াইটকে নিয়ে এ বছরই মুক্তি পাচ্ছে আরেকটি ছবি। স্নো হোয়াইট অ্যা দ্য হান্টসম্যান নামের সেই ছবিতে রাজকন্যার চরিত্রে অভিনয় করেছেন টোয়াইলাইট সিরিজের ক্রিস্টেন স্টুয়ার্ট। রানির চরিত্রে শার্লিজ থেরন। তিন মাস পর মুক্তি পাবে ছবিটি। দেখা যাক, থেরন বনাম রবার্টস কেমন জমে!রাজীব হাসানতথ্য: হলিউড রিপোর্টার